ভারতে প্রীতি ম্যাচ খেলতে পারে নেইমার-ভিনির দল
ভারত সফরে যেতে পারে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় ফুটবল দল। কলকাতায় তারা প্রীতি ম্যাচ খেলতে পারে বলে জানিয়েছে ব্রাজিলের জনপ্রিয় ক্রীড়া গণমাধ্যম ইএসপিএন ব্রাজিল। ম্যাচ আয়োজনে ভারতীয় সংগঠকদের সঙ্গে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) আলোচনা চলার তথ্যও জানিয়েছে সংবাদমাধ্যমটি।
জানা যায়, সদ্য শেষ হওয়া বিশ্বকাপ চলাকালেই ভারতীয় প্রতিনিধি ও সিবিএফের মধ্যে এই প্রাথমিক কথাবার্তা শুরু হয়। মূলত বিশ্বকাপে ভারতীয় সমর্থকদের বিপুল উন্মাদনা নজর কেড়েছে ব্রাজিল কর্তৃপক্ষের। সামাজিক যোগাযোগমাধ্যমে সেলেসাওদের নিয়ে ভারতীয় ফুটবল প্রেমীদের উন্মাদনা ছড়িয়ে পড়ার পরই সেখানে ম্যাচ খেলার আগ্রহ তৈরি হয় ব্রাজিলের।
ইএসপিএন ব্রাজিল তাদের প্রতিবেদনে লিখেছে, সূচি অনুযায়ী আগামী সেপ্টেম্বর ও অক্টোবরের মধ্যবর্তী সময়ে তিনটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে ব্রাজিলের। এর মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে দুটি ম্যাচ ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে।
২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা। এরপরই তৃতীয় ম্যাচটির জন্য ভারতকে সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রস্তাবিত এই ম্যাচের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি। ভারতের পাশাপাশি বাংলাদেশ, সিঙ্গাপুর ও কাতারে ম্যাচটি আয়োজনের আলোচনা থাকলেও শুধু ভারতের সঙ্গেই আলোচনা এগোচ্ছে।
ম্যাচটি কলকাতায় আয়োজিত হলে তা শহরটির সমৃদ্ধ ফুটবল ইতিহাসে নতুন এক অধ্যায় যুক্ত করবে। এর আগে ১৯৭৭ সালে নিউইয়র্ক কসমসের হয়ে মোহনবাগানের বিরুদ্ধে ইডেন গার্ডেনসে খেলে গিয়েছিলেন তিনবার বিশ্বকাপজয়ী ব্রাজিলের কিংবদন্তি পেলে।
সূত্র: ইএসপিএন ব্রাজিল