২৫ জুলাই ২০২৬, ১৭:৩৪

ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা, কবে কোন লিগ শুরু

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের লোগো   © সংগৃহীত

পাঁচ সপ্তাহেরও বেশি সময় ধরে চলা জমজমাট লড়াই শেষে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। রোমাঞ্চ, অঘটন ও নাটকীয়তায় ভরা ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়নের মুকুট জিতেছে স্পেন। বিশ্বকাপ শেষ হলেও ফুটবলের উত্তেজনা থেমে থাকছে না। এবার সমর্থকদের দৃষ্টি ইউরোপীয় ক্লাব ফুটবলের নতুন মৌসুমের দিকে।

আগস্ট থেকেই শুরু হচ্ছে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ২০২৬–২৭ মৌসুম। বিশ্বকাপ শেষে নিজ নিজ ক্লাবের জার্সিতে তারকা ফুটবলারদের মাঠে দেখতে মুখিয়ে আছেন ভক্তরাও।

এই তালিকায় সবার আগে মাঠে গড়াবে স্প্যানিশ লা লিগা। আগামী ১৫ আগস্ট উদ্বোধনী ম্যাচে আলাভেসের মুখোমুখি হবে গেতাফে। এরপর ২২ আগস্ট একযোগে পর্দা উঠবে ইংলিশ প্রিমিয়ার লিগ, ফরাসি লিগ ওয়ান এবং ইতালিয়ান সিরি আ-এর নতুন মৌসুমের।

প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল নিজেদের মাঠে কভেন্ট্রি সিটির বিপক্ষে মৌসুম শুরু করবে। একইদিন লিগ ওয়ানে স্ত্রাসবুর্গকে স্বাগত জানাবে অলিম্পিক মার্সেই। অন্যদিকে সিরি আ-এর উদ্বোধনী দিনে কোমোর বিপক্ষে খেলবে উদিনেসে, আর মোঞ্জার বিপক্ষে লড়বে শিরোপাধারী ইন্টার মিলান।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে জার্মান বুন্দেসলিগা সবশেষে শুরু হবে। আগামী ২৯ আগস্ট উদ্বোধনী ম্যাচে নিজেদের মাঠে স্টুটগার্টকে আতিথ্য দেবে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের উদ্বোধনী ম্যাচ (বাংলাদেশ সময়)

লা লিগা

১৫ আগস্ট: আলাভেস বনাম গেতাফে, রাত ১১টা ৩০ মিনিট

ইংলিশ প্রিমিয়ার লিগ

২২ আগস্ট: আর্সেনাল বনাম কভেন্ট্রি সিটি, রাত ১টা

লিগ ওয়ান

২২ আগস্ট: অলিম্পিক মার্সেই বনাম স্ত্রাসবুর্গ, রাত ১২টা ৪৫ মিনিট

সিরি আ

২২ আগস্ট: উদিনেসে বনাম কোমো, রাত ১০টা ৩০ মিনিট
২২ আগস্ট: ইন্টার মিলান বনাম মোঞ্জা, রাত ১০টা ৩০ মিনিট

বুন্দেসলিগা

২৯ আগস্ট: বায়ার্ন মিউনিখ বনাম স্টুটগার্ট, রাত ১২টা ৩০ মিনিট