২৪ জুলাই ২০২৬, ১৪:২৯

আর্জেন্টিনাকে নিয়ে বোমা ফাটালেন লিয়ান্দ্রো পারেদেস

লিয়ান্দ্রো পারেদেস   © সংগৃহীত

আর্জেন্টিনা জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের ইঙ্গিত দিলেন লিয়ান্দ্রো পারেদেস। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের মাত্র চার দিন পর বোকা জুনিয়র্সে ফিরে এই অভিজ্ঞ মিডফিল্ডার জানিয়ে দিয়েছেন, জাতীয় দলে তিনি খেলা চালিয়ে যাবেন কি না, সে বিষয়ে এখনই নিশ্চিত নন। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, বর্তমান দলটির আরও কয়েকজন ফুটবলারও ভবিষ্যৎ নিয়ে ভাবছেন।

বৃহস্পতিবার ও'হিগিন্সকে ১-০ গোলে হারানোর পর সংবাদমাধ্যম ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে পারেদেস বিশ্বকাপের অভিজ্ঞতা, চোট, ফাইনালে হারের হতাশা এবং জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে খোলামেলা কথা বলেন।

সাক্ষাৎকারের শুরুতেই তিনি বিশ্বকাপের শেষ দিকে পাওয়া পাঁজরের চোট নিয়ে কথা বলেন। পারেদেস জানান, চোট নিয়েই পুরো টুর্নামেন্ট শেষ করেছেন এবং এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

তিনি বলেন, ‘প্রথম কয়েকটা দিন খুব কঠিন ছিল। আমার পাঁজরে ছোট একটি ফাটল ছিল। তবে এখন আমি অনেক ভালো আছি। মিসরের বিপক্ষে ম্যাচের পর প্রথম কয়েক দিন ব্যথা অনেক বেশি ছিল। পরে চিকিৎসক ও ট্রমাটোলজিস্টদের সহায়তায় আমরা বিষয়টি সামলে নিয়েছি, যাতে যতটা সম্ভব খেলতে পারি।’

বিশ্বকাপ ফাইনালকে ঘিরে ওঠা নানা ষড়যন্ত্রের অভিযোগও গুরুত্ব দিতে রাজি নন পারেদেস। তার মতে, এমন আলোচনা শুনতে গেলে স্বাভাবিক থাকা কঠিন।

তিনি বলেন, ‘মানুষ যা বলছে, সব যদি শুনতে যাই তাহলে তো পাগল হয়ে যেতে হবে। বিশ্বকাপের আগে, চলাকালীন এবং পরে কত কিছুই না বলা হয়েছে। আমরা দারুণ একটি বিশ্বকাপ খেলেছি। ফাইনালে স্পেন আমাদের চেয়ে ভালো খেলেছে এবং তারা ন্যায্যভাবেই চ্যাম্পিয়ন হয়েছে। গত আট বছরে আমরা যা অর্জন করেছি, এখন সেটাই উপভোগ করার সময়। এটি ছিল অসাধারণ একটি যাত্রা। এর অংশ হতে পেরে আমি গর্বিত। হয়তো কিছুদিন পর আমরা পুরো বিষয়টি আরও ভালোভাবে উপলব্ধি করতে পারব।’

বিশ্বকাপ ফাইনালে হারার কষ্ট এখনও ভোলেননি এই আর্জেন্টাইন মিডফিল্ডার। তিনি বলেন, এমন একটি ম্যাচে পরাজয়ের বেদনা দীর্ঘদিন সঙ্গে থাকবে।

পারেদেস বলেন, ‘আমরা যা পার করেছি, তা ভুলে যেতে অনেক সময় লাগবে। গুরুত্বপূর্ণ অনেক কিছু জিতেছি, কিন্তু বিশ্বকাপের ফাইনাল হারানোর কষ্ট অনেক দিন থাকবে। কারণ আমরা আবারও খুব কাছাকাছি পৌঁছেছিলাম। তারপরও আমাদের অর্জনগুলো উপভোগ করতে হবে। এত দীর্ঘ সময় একই মান ধরে রাখা সহজ নয়। আমরা যা করেছি, মানুষ নিজেদের আমাদের মধ্যে খুঁজে পেয়েছে। এটিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। তাই আমি খুশি।’

এরপর লিওনেল মেসি ও লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে পারেদেস বলেন, শুধু তাদের দুজনই নন, জাতীয় দলের আরও অনেক খেলোয়াড়ের সামনেই এখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।

তিনি বলেন, ‘আমাদের অনেকেরই এখন ভাবতে হবে, জাতীয় দলে খেলা চালিয়ে যাব কি না। এটি ছিল অসাধারণ একটি যাত্রা। আমরা অনেক বড় অর্জন করেছি। কিন্তু এই মান ধরে রাখা এবং এই দলটিকে একইভাবে এগিয়ে নেওয়া খুব কঠিন হবে। অনেক বিষয় বিবেচনা করতে হবে। কোচের সঙ্গে কথা বলতে হবে। তারপর শান্তভাবে সিদ্ধান্ত নিতে হবে।’

সবশেষে নিজের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তার কথা স্পষ্টভাবে তুলে ধরেন পারেদেস। তিনি জানান, আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিতে চান না।

তিনি বলেন, ‘আমি জানি না। আগে পুরো বিষয়টি মেনে নিতে হবে, ভালোভাবে ভাবতে হবে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। বিষয়টি নিয়ে অবশ্যই আলোচনা করতে হবে।’