২৪ জুলাই ২০২৬, ১০:৩৮

মেসি-রোনালদো কি একই দলে খেলতে পারেন? যা বললেন সাবেক সতীর্থ

রোনালদো ও মেসি  © সংগৃহীত

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে দীর্ঘদিনের বিতর্কে এবার নতুন মাত্রা যোগ করলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার মিকায়েল সিলভেস্ত্র। ক্রিশ্চিয়ানো রোনালদোর সাবেক এই সতীর্থকে জিজ্ঞাসা করা হয়েছিল, ফুটবলের এই দুই কিংবদন্তিকে কি কখনও একই দলে দেখা সম্ভব? তাঁর উত্তর নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে আলোচনা।

মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির যোগ দেওয়ার পর যুক্তরাষ্ট্রের ফুটবলে একের পর এক বড় তারকা পাড়ি জমিয়েছেন। অঁতোয়ান গ্রিজমান, লুইস সুয়ারেজ, সন হিউং-মিন, রবার্ট লেভানডোভস্কির মতো ফুটবলাররাও এমএলএসে খেলতে এসেছেন।

বিশেষ করে ইন্টার মায়ামির মালিক ডেভিড বেকহ্যাম একের পর এক তারকা ফুটবলারকে দলে ভেড়াতে সফল হয়েছেন। জর্দি আলবা, সার্জিও বুসকেতস, লুইস সুয়ারেজ, রদ্রিগো ডি পলের পর সর্বশেষ কাসেমিরোও যোগ দিয়েছেন মেসির দলে।

অন্যদিকে, ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসরের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হতে আর এক বছর বাকি। তাই অনেক ফুটবলপ্রেমী কল্পনা করছেন, হয়তো একদিন মেসি ও রোনালদো একই দলে খেলবেন।

তবে এই সম্ভাবনায় খুব একটা বিশ্বাসী নন মিকায়েল সিলভেস্ত্র। পাঁচ মৌসুম ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর সঙ্গে খেলা এই সাবেক ফরাসি ডিফেন্ডার মনে করেন, রোনালদো বর্তমানে সৌদি আরবে স্বাচ্ছন্দ্যেই আছেন এবং চাইলে সেখানেই আরও দীর্ঘ সময় খেলতে পারেন।

গোল ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার মনে হয়, সৌদি আরবে সে নিজের জন্য দারুণ একটি জায়গা তৈরি করেছে এবং লিগও জিতেছে। আমি জানি না, সে যুক্তরাষ্ট্রে যেতে চাইবে কি না। তবে এটাকে পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। যদি সে আরও খেলতে চায়, তাহলে সৌদি আরবে খেলেই যেকোনো জায়গায় খেলতে পারবে। তাই আমি এই সম্ভাবনা একেবারে বাদ দিচ্ছি না।’

তবে মেসি ও রোনালদোকে একই দলে দেখার সম্ভাবনা নিয়ে আশাবাদী নন তিনি।

সিলভেস্ত্র বলেন, ‘আমার মনে হয়, তারা যদি আলাদা দলে থেকে একে অপরের বিপক্ষে খেলে, সেটাই বেশি অর্থবহ হবে। এতে দর্শকদের জন্যও বেশি আকর্ষণীয় হবে, আরও উপভোগ্য হবে। একজন কোচের জন্যও সেটাই বেশি যৌক্তিক।’

একই ড্রেসিংরুমে এই দুই মহাতারকাকে দেখার সম্ভাবনা নিয়েও নিজের মতামত দেন তিনি।

তিনি বলেন, ‘আমার মনে হয় না, তারা একই ড্রেসিংরুমে থাকতে পারবে। আমি এটা বলছি না যে তারা একে অপরের সঙ্গে মানিয়ে নিতে পারবে না। আমি সে কথা বলছি না। কিন্তু মেসির মানসিকতা অনুযায়ী তিনি একজন নেতা, আর একটি দলে একজন নেতাই থাকা উচিত। তাই আমার মনে হয়, তারা যদি ভিন্ন ভিন্ন দলে থাকে, সেটাই বেশি যৌক্তিক হবে।’

বর্তমানে লিওনেল মেসি ইন্টার মায়ামির হয়ে খেলছেন। তাঁর সঙ্গে ক্লাবটির চুক্তি রয়েছে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত। অন্যদিকে, ক্রিশ্চিয়ানো রোনালদো ২০২৭ সাল পর্যন্ত সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গে চুক্তিবদ্ধ।

বছরের পর বছর ধরে নানা গুঞ্জন ছড়ালেও ফুটবল ইতিহাসের এই দুই মহাতারকা কখনও একই ক্লাবের জার্সিতে খেলেননি। এখনও সেই সম্ভাবনা নিয়ে আলোচনা চললেও বাস্তবে তা হওয়ার সম্ভাবনা খুব বেশি দেখছেন না মিকায়েল সিলভেস্ত্র।