২৪ জুলাই ২০২৬, ০৯:০৬

বিশ্বকাপ জিতে স্পেনের প্রতিটি ফুটবলার কত টাকা পেলেন

বিজয় উল্লাস  © সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে মাঠে যেমন সেরার মুকুট জিতেছে স্পেন, তেমনি আর্থিকভাবেও বড় সাফল্য পেয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। ফিফার প্রাইজমানি, স্পনসরশিপের মূল্য বৃদ্ধি এবং নতুন বাণিজ্যিক চুক্তির সম্ভাবনা সব মিলিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সুফল পাচ্ছে স্প্যানিশ ফুটবল। সেই আয়ের একটি বড় অংশ বোনাস হিসেবে পাচ্ছেন জাতীয় দলের ফুটবলাররা।

বিশ্বকাপ শিরোপা জয়ের জন্য স্পেনের ফুটবল ফেডারেশন (আরএফইএফ) ফিফার কাছ থেকে ৫ কোটি মার্কিন ডলার (৫০ মিলিয়ন ডলার) পুরস্কার পাবে। তবে এই অর্থই তাদের একমাত্র আয় নয়। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর আন্তর্জাতিক বাজারে স্পেন জাতীয় দলের বাণিজ্যিক মূল্য বেড়ে যাওয়ায় বর্তমান স্পনসরদের সঙ্গে চুক্তির মূল্য বাড়ার পাশাপাশি নতুন স্পনসর যুক্ত হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে।

বর্তমানে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ৩৫টি করপোরেট অংশীদার রয়েছে। তাদের মধ্যে অ্যাডিডাস, এব্রো, মাপফ্রে, ইবেরদ্রোলা, হালকোন ও মোভিস্টার উল্লেখযোগ্য। ফেডারেশনের ভাষ্য, জাতীয় দল এখন তাদের সবচেয়ে মূল্যবান বাণিজ্যিক সম্পদগুলোর একটি, আর বিশ্বকাপ জয় সেই অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

ফিফার দেওয়া ৫ কোটি ডলারের পুরস্কারের প্রায় ৪৫ শতাংশ খেলোয়াড়দের বোনাস হিসেবে বিতরণ করা হবে। অর্থাৎ, প্রায় ২ কোটি ৫৯ লাখ ডলার (২৫.৯ মিলিয়ন ডলার) বিশ্বজয়ী দলের সদস্যদের মধ্যে ভাগ করে দেওয়া হবে।

২৬ সদস্যের স্কোয়াডে এই অর্থ সমানভাবে ভাগ করলে কর পরিশোধের আগে প্রত্যেক ফুটবলার পাবেন প্রায় ৯ লাখ ৯৫ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ২৫ লাখ ৬৮ হাজার ৮২০ টাকার সমান।

এ ছাড়া জাতীয় দলের হয়ে খেলার সুবাদে বিভিন্ন স্পনসরশিপ, বিজ্ঞাপন এবং বাণিজ্যিক কার্যক্রম থেকেও অতিরিক্ত আয় করেন স্পেনের ফুটবলাররা। ফলে বিশ্বকাপ জয় তাদের ব্যক্তিগত ব্র্যান্ড মূল্য এবং ভবিষ্যৎ আয়ের সম্ভাবনাও উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে।