কোচ হিসেবে আনচেলত্তিকে চায় ইতালি, ব্রাজিলে চাঞ্চল্য
ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তিকে নিজেদের নতুন কোচ হিসেবে চায় ইতালি। বিষয়টি প্রকাশ্যে আসার পর ফুটবল অঙ্গনে, বিশেষ করে ব্রাজিলে, ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশ্বকাপে টানা ব্যর্থতার পর ইতালিকে নতুন করে গড়ে তোলার পরিকল্পনায় বিশ্বের সেরা কোচদের মধ্যে থাকা আনচেলত্তি ও পেপ গার্দিওলার সঙ্গে যোগাযোগের বিষয়টি নিশ্চিত করেছেন ইতালির কিংবদন্তি ফুটবলার এবং জাতীয় দলের নতুন প্রকল্পপ্রধান পাওলো মালদিনি।
টানা কয়েকটি বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পর ইতালিয়ান ফুটবল ফেডারেশন জাতীয় দলকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে। সেই পরিকল্পনার অংশ হিসেবে নতুন কোচ খুঁজছে তারা। দায়িত্ব পাওয়ার পর থেকেই সম্ভাব্য প্রার্থীদের নিয়ে কাজ শুরু করেছেন মালদিনি।
সিরি আ'র সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মালদিনি জানান, ইতোমধ্যে বিশ্বের সবচেয়ে সফল কয়েকজন কোচের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
তিনি বলেন, ‘গার্দিওলাকে নিয়ে এখনই নতুন কিছু বলার নেই, তবে তিনি আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। আমরা কার্লো আনচেলত্তির সঙ্গেও কথা বলেছি। বিশ্বের সেরাদের দিয়েই শুরু করতে চেয়েছি। তবে তাঁরা দায়িত্ব নিতে আগ্রহী কি না, সেটিও যাচাই করতে হবে।’
বর্তমানে ব্রাজিল জাতীয় দলের দায়িত্বে রয়েছেন আনচেলত্তি। ২০৩০ সাল পর্যন্ত ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সঙ্গে তাঁর চুক্তি রয়েছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাই এই মুহূর্তে তাঁকে ইতালির কোচ হিসেবে পাওয়া সহজ হবে না। তারপরও সম্ভাবনাটি পুরোপুরি উড়িয়ে দিচ্ছে না ইতালিয়ান ফুটবল ফেডারেশন।
মালদিনি জানান, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চেয়ে সঠিক কোচ নির্বাচন করাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তারা।
তিনি বলেন, ‘এই সপ্তাহেই নতুন কোচের নাম ঘোষণা করতে পারলে ভালো হতো। তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো, আমরা যাকে সত্যিই চাই, তাঁর জন্য অপেক্ষা করা। কিছুটা তাড়া আছে, কিন্তু শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই বেশি জরুরি।’
জাতীয় দলের নতুন দায়িত্ব নিয়ে নিজের অনুভূতির কথাও তুলে ধরেন মালদিনি। তিনি বলেন, ‘আমি বিশাল দায়িত্ব ও চাপ অনুভব করছি। এখানে আমরা একটি উচ্চাভিলাষী প্রকল্প নিয়ে কাজ করছি। ইতালি যখন ডাকে, তখন না বলা কঠিন। শুরুতে এত চ্যালেঞ্জ আছে, তা জানতাম না। তবে আমি পরিবর্তন আনার সুযোগ দেখেছি এবং সবাইকে এই নতুন যাত্রায় অংশ নিতে আগ্রহী দেখেছি।’
আনচেলত্তির পাশাপাশি ইতালির সবচেয়ে বড় স্বপ্ন পেপ গার্দিওলাকে জাতীয় দলের দায়িত্বে আনা। সেই লক্ষ্যেই ইতালির কর্মকর্তারা বার্সেলোনায় গিয়ে তাঁর সঙ্গে বৈঠক করেছেন।
তবে সেই বৈঠকে কোনো চূড়ান্ত আলোচনা হয়নি। মূলত এটি ছিল পরিচিতি ও প্রাথমিক যোগাযোগের একটি বৈঠক। ম্যানচেস্টার সিটি ছাড়ার পর বর্তমানে বিশ্রামে রয়েছেন গার্দিওলা। তাই এখনই কোচিংয়ে ফেরার বিষয়ে তাঁর কোনো তাড়াহুড়া নেই বলেই ধারণা করা হচ্ছে।
তবে আনচেলত্তি বা গার্দিওলাকে পাওয়া না গেলে বিকল্প পরিকল্পনাও তৈরি রেখেছে ইতালি। সম্ভাব্য কোচের তালিকায় রয়েছেন রবার্তো মানচিনি, আন্দ্রেয়া পিরলো ও আন্তোনিও কন্তে। এর মধ্যে ২০২০ ইউরো জয়ী কোচ মানচিনিকেই সবচেয়ে এগিয়ে রাখা হচ্ছে।
২০০৬ সালে জার্মানিতে বিশ্বকাপ জয়ের পর থেকে ইতালির সময়টা মোটেও ভালো কাটেনি। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় আজ্জুরিরা। এরপর ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ, ২০২২ সালের কাতার বিশ্বকাপ এবং ২০২৬ বিশ্বকাপ—টানা তিনটি আসরেই জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। সেই ব্যর্থতার অবসান ঘটিয়ে আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরতেই এবার বড় নামের কোচ খুঁজছে দেশটির ফুটবল ফেডারেশন।