২৩ জুলাই ২০২৬, ০৮:৩১

চেলসিতে অনিশ্চয়তার মুখে দুই আর্জেন্টাইন তারকা ফুটবলারের ভাগ্য

এনজো ফার্নান্দেজ ও আলেহান্দ্রো গারনাচো  © সংগৃহীত

চেলসির দুই আর্জেন্টাইন ফুটবলার এনজো ফার্নান্দেজ ও আলেহান্দ্রো গারনাচোর ভবিষ্যৎ নিয়ে জোর আলোচনা চলছে। নতুন মৌসুম শুরুর আগে দলবদলের বাজারে তাদের অবস্থান নিয়ে মুখ খুলেছেন চেলসির নতুন প্রধান কোচ শাবি আলোনসো। তিনি এনজোকে দলে রাখতে আগ্রহের কথা জানালেও গারনাচোর ক্লাব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন।

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের প্রস্তুতির সময় থেকেই এনজো ফার্নান্দেজের ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়। গত কয়েক সপ্তাহ ধরে তার নাম রিয়াল মাদ্রিদের সঙ্গে জড়ালেও স্প্যানিশ ক্লাবটি আনুষ্ঠানিকভাবে এমন কোনো প্রস্তাব দেওয়ার কথা অস্বীকার করেছে। এরপরও চেলসি ছাড়ার গুঞ্জন থামেনি।

এনজোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে শাবি আলোনসো বলেন, ‘আমি এনজো ফার্নান্দেজের সাথে কথা বলেছি। কিন্তু আপনারা বুঝতেই পারছেন, আমাদের মধ্যে যা কথা হয়েছে তা ব্যক্তিগতই থাকবে।’ একই সঙ্গে তিনি স্বীকার করেন, এনজোকে দলে রাখতে তিনি আগ্রহী।

গত মৌসুমে চেলসির অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন এনজো ফার্নান্দেজ। তাই তাকে ঘিরে ক্লাবের পরিকল্পনাও গুরুত্বপূর্ণ।

অন্যদিকে, চেলসির আরেক আর্জেন্টাইন ফুটবলার আলেহান্দ্রো গারনাচোর ভবিষ্যৎ প্রায় অনিশ্চিত। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে যোগ দেওয়ার পর তিনি প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। ফলে চলতি দলবদলের মৌসুমেই তার ক্লাব ছাড়ার সম্ভাবনা জোরালো হয়েছে।

গারনাচোকে নিয়ে শাবি আলোনসো বলেন, ‘অন্যান্য ক্লাবের তার প্রতি আগ্রহ রয়েছে। আমি আশা করি সবার জন্য সবকিছু সর্বোত্তমভাবে শেষ হবে।’

বায়ার লেভারকুসেনের হয়ে সাফল্যের পর এবং রিয়াল মাদ্রিদে সংক্ষিপ্ত সময় কাটিয়ে শাবি আলোনসো এখন চেলসিকে আবারও শীর্ষ পর্যায়ে ফিরিয়ে আনার দায়িত্ব নিয়েছেন। নিজের লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, ‘আমরা একটি সক্রিয় ও সাহসী দল হতে চাই, যারা ভালো ফুটবল খেলবে এবং সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। আমরা উচ্চাকাঙ্ক্ষী, আমরা অনেক ম্যাচ জিততে এবং প্রতিযোগিতামূলক হতে চাই।’

ভবিষ্যৎ নিয়ে আশাবাদী এই স্প্যানিশ কোচ আরও বলেন, 'আমরা কতদূর যেতে পারি তা সময়ই বলে দেবে, তবে আমি মনে করি আমরা একটি দুর্দান্ত মৌসুম কাটাতে পারব।'