বিশ্বকাপ জুড়ে আমাদের বিরুদ্ধে ভিত্তিহীন ষড়যন্ত্রের গল্প ফেঁদেছিল: ডি পল
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর নীরব থাকেননি রদ্রিগো ডি পল। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে আর্জেন্টাইন মিডফিল্ডার একদিকে যেমন শিরোপা হারানোর বেদনা প্রকাশ করেছেন, অন্যদিকে পুরো বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনাকে ঘিরে ওঠা সমালোচনা ও রেফারিং বিতর্কেরও কড়া জবাব দিয়েছেন।
ফাইনালের প্রায় ২৪ ঘণ্টা পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি দীর্ঘ বার্তা প্রকাশ করেন ডি পল। সেখানে তিনি লেখেন, ‘আজ আমি দেখছি কত মানুষ এই পতন দেখার অপেক্ষায় ছিল! সমস্ত বিশ্বকাপজুড়ে এরা নানা ভিত্তিহীন ষড়যন্ত্রের গল্প ফাঁদেছিল, যাতে অন্য কারও সেই কষ্ট প্রশমিত করা যায়—যা আমরা সব আর্জেন্টাইনরা উপভোগ করছিলাম, তা তারা নিজেদের জীবনে না পাওয়ায়। কারণ আমাদের হাসি তাদের অস্বস্তির কারণ, কারণ আমাদের ধরন ওদের গায়ে জ্বালা ধরায়... তবে এটি কেবল এটিই পুনর্ব্যক্ত করেছে যে, আমাদের জার্সির প্রতি আবেগ এবং ভালোবাসা সবকিছুর ওপর জয়ী হতে পারে...’
ডি পলের এই মন্তব্যকে আন্তর্জাতিক গণমাধ্যমের একাংশ এবং সেইসব বর্তমান ও সাবেক ফুটবলারের প্রতি ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে, যারা পুরো বিশ্বকাপজুড়ে দাবি করেছিলেন যে আর্জেন্টিনা রেফারিংয়ে বিশেষ সুবিধা পেয়েছে। একই সঙ্গে আর্জেন্টিনার খেলোয়াড় ও সমর্থকদের উদযাপনের ধরন নিয়েও বিভিন্ন সময়ে সমালোচনা হয়েছিল।
শিরোপা ধরে রাখতে না পারার হতাশাও নিজের পোস্টে তুলে ধরেন ডি পল। তিনি লেখেন, ‘সবচেয়ে বড় কষ্ট হলো, আমরা আবারও আমাদের দেশে বিশ্বকাপটি নিয়ে যেতে পারিনি। কারণ যদি কেউ আবার সেই অনুভূতি উপভোগ করার যোগ্য হয়ে থাকে, তবে তারা আপনারা (ভক্তরা)। কিন্তু সময় গড়াচ্ছে এবং আমরা বুঝতে পারছি যে এই দলের সঙ্গে আপনাদের যে আত্মিক টান ও পরিচয়, তা কেবল কোনো ট্রফিতেই সীমাবদ্ধ নয়। এই কঠিন সময়টি পার করার জন্য আমি এটুকু আঁকড়ে ধরেই সামনে এগোতে চাই।’
বার্তার শেষ অংশে তিনি আরও লেখেন, ‘এই কষ্ট দীর্ঘদিন তাড়া করে বেড়াবে, তবে আজকের মতো নিজেকে আর্জেন্টাইন হিসেবে গর্বিত মনে করা দিন আর আসেনি।’
এই আবেগঘন পোস্টের সঙ্গে তিনটি ছবিও প্রকাশ করেন ডি পল। প্রথম ছবিতে রানার্সআপের রৌপ্যপদক গলায় ঝুলিয়ে আর্জেন্টাইন সমর্থকদের দিকে তাকিয়ে থাকতে দেখা যায় তাকে। দ্বিতীয় ছবিতে সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল জয়ের পর পুরো দলের উদযাপনের মুহূর্ত ধরা পড়ে। আর তৃতীয় ছবিতে বিশ্বকাপে আর্জেন্টিনার ১৯ গোলের একটির পর সতীর্থদের সঙ্গে উচ্ছ্বাস ভাগাভাগি করার দৃশ্য দেখা যায়।
আর্জেন্টিনার হয়ে ৯৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ডি পল লিওনেল স্কালোনির অধীনে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা এবং ২০২২ বিশ্বকাপ জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
৩২ বছর বয়সী এই মিডফিল্ডার জাতীয় দলের জার্সিতে প্রথমবারের মতো বড় কোনো বিশ্বকাপ ফাইনাল হারার তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হলেন। আগামী দিনে নিকোলাস ওতামেন্দি ও সম্ভবত লিওনেল মেসির পর জাতীয় দলে নেতৃত্বের অন্যতম ভরসা হিসেবেই তাকে দেখা হচ্ছে।