২০ জুলাই ২০২৬, ০৪:৫৭

স্পেনের কাছে অসহায় আত্মসমর্পণ ‘কামব্যাক কিং’ আর্জেন্টিনার

আর্জেন্টিনা ফুটবল দল  © সংগৃহীত

​২০২৬ বিশ্বকাপে বারবার খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে ‘কামব্যাক কিং’ তকমা পাওয়া আর্জেন্টিনা এবার আর শেষ রক্ষা করতে পারল না। ফাইনালের মহমঞ্চে এসে শেষ হলো তাদের সব জাদুকরি রূপকথা।

​চলতি টুর্নামেন্টে এর আগে মিশর এবং কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্যভাবে পিছিয়ে পড়েও ম্যাচ বের করে নিয়েছিল আলবিসেলেস্তেরা। কিন্তু ফাইনালে স্পেনের ছুড়ে দেওয়া পর্বতসম চ্যালেঞ্জ টপকানো লিওনেল স্কালোনির শিষ্যদের পক্ষে আর সম্ভব হয়নি।

​বিশ্বকাপ হাতছাড়া হওয়া নিয়ে আর্জেন্টিনার আসলে কোনো ওজর-আপত্তি তোলার সুযোগ নেই। কারণ, ফাইনালের সিংহভাগ সময় জুড়ে স্পেনের আগ্রাসী ও নান্দনিক ফুটবলের সামনে পুরোপুরি কোণঠাসা ছিল আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ের একেবারে শেষ কয়েক মিনিট বাদ দিলে পুরো ম্যাচে স্প্যানিশ ডিফেন্স ভাঙার মতো তেমন কোনো ধারালো আক্রমণই সৃষ্টি করতে পারেনি বিদায়ী বিশ্বচ্যাম্পিয়নরা।