১৯ জুলাই ২০২৬, ১৩:১৯

ফাইনালের আগে চমকপ্রদ ঘোষণা দিলেন স্পেনের তারকা ফুটবলার কুকুরেয়া

মার্ক কুকুরেয়া   © সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালের আগে চমকপ্রদ ঘোষণা দিলেন স্পেনের তারকা ফুটবলার মার্ক কুকুরেয়া। তিনি জানিয়েছেন, স্পেন যদি বিশ্বকাপ জেতে, তাহলে জাতীয় দল থেকেই অবসর নেবেন তিনি। তার মতে, ইউরো ও বিশ্বকাপ—দুই শিরোপাই জিতে ফেললে জাতীয় দলের হয়ে আর কিছু অর্জনের বাকি থাকবে না।

আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে দেওয়া এক সাক্ষাৎকারে কুকুরেয়ার এই মন্তব্য ফুটবল বিশ্বে আলোচনার জন্ম দিয়েছে।

দুই বছর আগে ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন কুকুরেয়া। চলতি বিশ্বকাপেও তিনি দলের অন্যতম ভরসা। মাঝমাঠে ধারাবাহিক ভালো পারফরম্যান্স করে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

ফ্রান্সের একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে কুকুরেয়া বলেন, 'আমরা বিশ্বকাপ জিতলে পরের দিনই লুইকে (কোচ) ফোন করব এবং বলে দেব আমাকে যেন আর দলে না নেয়। কারণ আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি। একটা ইউরো কাপ এবং একটা বিশ্বকাপ, এর থেকে ভাল পারফর্ম করা আমার পক্ষে আর সম্ভব নয়।'

যদিও কুকুরেয়া অবসরের কথা বলেছেন, স্পেনের ফুটবল ইতিহাস বলছে ভিন্ন কথা। ২০০৮ সালে ইউরো জয়ের পর ২০১০ সালে বিশ্বকাপ এবং ২০১২ সালে আবারও ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। সেই সময় আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি হার্নান্দেজ ও সের্হিও বুসকেতস দীর্ঘ সময় জাতীয় দলের হয়ে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছিলেন।

বিশ্বকাপ জিততে পারলে আরেকটি প্রতিশ্রুতিও পূরণ করবেন কুকুরেয়া। এ বিষয়ে তিনি বলেন, 'বিশ্বকাপ জিতলে আমার বাইসেপে কোচ লুই দে লা ফুয়েন্তের মুখের একটা ছোট ট্যাটু করাব।'

এখন দেখার বিষয়, আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন বিশ্বকাপ জিততে পারে কি না, আর কুকুরেয়া সত্যিই নিজের ঘোষণামতো জাতীয় দলকে বিদায় জানান কি না।