পেলের ৫৬ বছরের রেকর্ড ভাঙলেন ওলিস
বিশ্বকাপের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন মাইকেল ওলিস। এক আসরে সবচেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ড এখন ফ্রান্সের এই ফরোয়ার্ডের দখলে। মায়ামি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে কিলিয়ান এমবাপ্পেকে দিয়ে দু'বার গোল করিয়ে এই কীর্তি গড়েন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধে ৪৮তম ও ৬৬তম মিনিটে এমবাপ্পের দুই গোলের নেপথ্যে ছিলেন ওলিস।
ওলিসের এই দুই অ্যাসিস্টের মাধ্যমে চলতি বিশ্বকাপে তার মোট অ্যাসিস্ট সংখ্যা দাঁড়িয়েছে ৭টিতে। এর আগে এক বিশ্বকাপে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড ছিল ব্রাজিলের কিংবদন্তি পেলের দখলে। ১৯৭০ বিশ্বকাপে ৬টি অ্যাসিস্ট করেছিলেন পেলে।
এক বিশ্বকাপে সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকায় এখন ওলিসের পর দ্বিতীয়স্থানে আছেন পেলে। এরপর পাঁচটি করে অ্যাসিস্ট নিয়ে যৌথভাবে আছেন পোল্যান্ডের রবার্ট গাদোখা, পশ্চিম জার্মানির পিয়ের লিটবার্স্কি, আর্জেন্টিনার দিয়েগো ম্যারাডোনা এবং জার্মানির থমাস হেসলার।
১৯৭৪, ১৯৮২, ১৯৮৬ ও ১৯৯৪ বিশ্বকাপে এই কীর্তি গড়েছিলেন তারা। তবে এবার ওলিস তাদের সবাইকে পেছনে ফেলে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ অ্যাসিস্টের নতুন রেকর্ড গড়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন।