১৯ জুলাই ২০২৬, ০৩:৫৫

ফ্রান্সের জালে ৪ গোল করে বিরতিতে ইংল্যান্ড

ইংল্যান্ড দল   © সংগৃহীত

বিশ্বকাপের তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে একপ্রকার উড়িয়ে দিচ্ছে ইংল্যান্ড। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে প্রথমার্ধের যোগ করা সময়ে বুকায়ো সাকার দ্বিতীয় গোলের মধ্য দিয়ে ৪-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে গিয়েছে থ্রি লায়ন্সরা।

ম্যাচের তৃতীয় মিনিটেই গোলের সূচনা করেন অধিনায়ক ডেকলান রাইস। মাঝমাঠে প্রতিপক্ষের ভুল পাস কেটে নিয়ে প্রায় ২৫ গজ দূর থেকে দুর্দান্ত শটে জাল খুঁজে নেন তিনি। ১৮ মিনিটে রাইসের নিখুঁত ক্রস থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন এজরি কনসা।

১২ মিনিটে সাকা একবার বল জালে পাঠালেও অফসাইডের কারণে সেই গোলটি বাতিল হয়। তবে ৩৭ মিনিটে আর ভুল করেননি আর্সেনাল তারকা। মার্কাস রাশফোর্ডের সঙ্গে দারুণ সমন্বয়ে তৈরি আক্রমণ থেকে বাঁ পায়ের নিখুঁত শটে নিজের প্রথম গোলটি করেন তিনি।

প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে আবারও জ্বলে ওঠেন সাকা। ফ্রান্সের অর্ধে বল পেয়ে এবেরেচি এজে দারুণ একটি থ্রু পাস বাড়ান আর্সেনাল সতীর্থের উদ্দেশে। নিখুঁত টাইমিংয়ে দৌড়ে গিয়ে গোলরক্ষক মাইক মেনিয়াঁকে পরাস্ত করে দূরের কোণে বল পাঠিয়ে ম্যাচে নিজের দ্বিতীয় ও ইংল্যান্ডের চতুর্থ গোলটি করেন সাকা।

শুরু থেকে শেষ পর্যন্ত বলের দখল, আক্রমণ এবং সুযোগ তৈরিতে পুরোপুরি আধিপত্য দেখিয়েছে ইংল্যান্ড। অন্যদিকে রক্ষণে বারবার ভুল করা ফ্রান্সকে অসহায় দেখিয়েছে পুরো প্রথমার্ধজুড়ে। সেমিফাইনালের হতাশা যেন কাটিয়েই উঠতে পারেনি লে ব্লুজরা, আর সেই সুযোগ কাজে লাগিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করার পথে একেবারে দাপটের সঙ্গে এগিয়ে যাচ্ছে থ্রি লায়ন্সরা।