১৮ জুলাই ২০২৬, ১৩:৫০

ফাইনালের আগে আর্জেন্টিনাকে নিয়ে মুখ খুললেন ফ্রান্সের কোচ দেশম

ফ্রান্সের কোচ দেশম   © সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনা ও স্পেনকে নিয়ে নিজের মতামত জানিয়েছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। ফ্রান্সের কোচ হিসেবে নিজের শেষ ম্যাচের আগে তিনি বলেছেন, ফাইনালে জায়গা পাওয়া দুই দলই যোগ্য এবং তারা এবারের বিশ্বকাপের সেরা দলগুলোর মধ্যে রয়েছে।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দেশম বলেন, ‘স্পেন ও আর্জেন্টিনা ছিল সেরা এবং তারা ফাইনালে থাকার যোগ্য। তারা তাদের সব প্রতিপক্ষকে হারিয়েছে।’

২০২৬ বিশ্বকাপই ফ্রান্সের কোচ হিসেবে দেশমের শেষ আসর। টুর্নামেন্ট শুরুর আগেই তিনি জানিয়েছিলেন, বিশ্বকাপের পর ফ্রান্সের দায়িত্ব ছাড়বেন। তবে ফাইনালে খেলতে না পারার হতাশা থাকলেও ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি।

আর্জেন্টিনার প্রতি দেশমের সম্মান নতুন নয়। লিওনেল স্কালোনির দলের প্রশংসা তিনি আগেও করেছেন। তাই বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার ওঠাকে নিয়ে তার এমন মন্তব্যে অবাক হওয়ার কিছু নেই।

কোচ হিসেবে আর্জেন্টিনার বিপক্ষে দেশমের অভিজ্ঞতা রয়েছে দুটি ম্যাচের। প্রথমটি ২০১৮ রাশিয়া বিশ্বকাপে। সেবার শেষ ষোলোতে ফ্রান্স ৪-৩ গোলে হারিয়েছিল আর্জেন্টিনাকে। আর দ্বিতীয়বার মুখোমুখি হয় ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে। সেই ম্যাচে মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা টাইব্রেকারে জয় পেয়ে বিশ্বকাপ ট্রফি ঘরে তোলে।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গুরুত্ব তুলে ধরে দেশম বলেন, ‘আমাদের সামনে যে ম্যাচটি রয়েছে, সেটির প্রতি আমার অনেক দায়িত্ববোধ রয়েছে। এটি কোনো প্রীতি ম্যাচ নয়। অবশ্যই আমরা এই ম্যাচটি খেলতে চাইনি, কিন্তু এটাই এখন আমাদের সামনে রয়েছে। এটি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং লক্ষ্য অর্জনের জন্য আমার কোচিং স্টাফ ও খেলোয়াড়দের সঙ্গে নিয়ে সর্বোচ্চ চেষ্টা করা আমার দায়িত্ব।’

বিশ্বকাপের চূড়ান্ত লক্ষ্য পূরণ করতে না পারলেও ফ্রান্সের কোচ হিসেবে দেশমের সময়কাল ছিল অত্যন্ত সফল। তার অধীনে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে বিশ্বকাপ শিরোপা জেতে ফ্রান্স। এরপর ২০২২ কাতার বিশ্বকাপে ফাইনালে ওঠে তারা। ২০২৬ বিশ্বকাপেও শেষ পর্যন্ত শিরোপার লড়াইয়ে থাকার চেষ্টা করেছে ফরাসিরা।

দলের একাদশ নিয়েও কথা বলেছেন দেশম। তিনি জানান, কয়েকজন খেলোয়াড় শারীরিক সমস্যার কারণে শুরু থেকে মাঠে নামতে পারবেন না। তবে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী পরে তাদের ব্যবহার করা হতে পারে।

এদিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার দৌড়েও রয়েছেন ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপে। লিওনেল মেসির সঙ্গে গোলের লড়াইয়ে থাকা এমবাপে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবেন বলে ধারণা করা হচ্ছে।

নিজের বিদায় প্রসঙ্গে দেশম জানিয়েছেন, ভবিষ্যতে কোচ হিসেবে কী করবেন, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি তিনি। তবে ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব পালনকে নিজের পেশাগত জীবনের সবচেয়ে সেরা অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন এই ফরাসি কোচ।

দেশম বলেন, ‘২৫ বছর একজন মানুষের জীবনে গভীর ছাপ ফেলে, বিশেষ করে যখন তা অনেক স্মরণীয় মুহূর্ত ও ভুলে না যাওয়ার মতো স্মৃতি তৈরি করে।’

খেলোয়াড় ও কোচ—দুই ভূমিকাতেই বিশ্বকাপ জয়ের বিরল কীর্তি রয়েছে দেশমের। ১৯৯৮ সালে ফ্রান্সের হয়ে খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জয়ের পর ২০১৮ সালে কোচ হিসেবেও বিশ্বচ্যাম্পিয়ন হন তিনি।

দেশমের পর ফ্রান্সের দায়িত্বে জিদান

দিদিয়ের দেশমের বিদায়ের পর ফ্রান্স জাতীয় দলের নতুন কোচ হিসেবে জিনেদিন জিদানের নাম প্রায় চূড়ান্ত বলে জানিয়েছেন ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

রোমানোর তথ্য অনুযায়ী, ২০২৮ ইউরো চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে জিদান নিজের কোচিং স্টাফও প্রস্তুত করে ফেলেছেন। বিশ্বকাপ শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে তার নিয়োগের ঘোষণা আসতে পারে।

ফ্রান্সের হয়ে খেলোয়াড় হিসেবে বিশ্বকাপজয়ী জিদান এবার কোচ হিসেবে জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছেন। এর মধ্য দিয়ে ফ্রান্সের ডাগআউটে দেশমের দীর্ঘ ২৫ বছরের অধ্যায়ের সমাপ্তি ঘটবে।