টানা ৪ বিশ্বকাপের সফল ভবিষ্যদ্বাণী, এবার চ্যাম্পিয়ন হবে কোন দল জানাল ইএ স্পোর্টস
বিশ্বকাপ ফাইনালের আগে ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে উঠে এসেছে ইএ স্পোর্টসের পূর্বাভাস। কারণ, গত চারটি বিশ্বকাপের চ্যাম্পিয়ন নিয়ে তাদের করা ভবিষ্যদ্বাণী বাস্তবের সঙ্গে মিলে গেছে। এবার ২০২৬ বিশ্বকাপের ফাইনালেও নিজেদের সিমুলেশনের ফল প্রকাশ করেছে জনপ্রিয় এই গেম নির্মাতা প্রতিষ্ঠান। তাদের মতে, এবারের বিশ্বকাপ ট্রফি জিতবে স্পেন।
আগামী রোববার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেন। দুই দলের লড়াইয়ের আগে ইএ স্পোর্টসের এই পূর্বাভাস নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
২০২২ কাতার বিশ্বকাপের আগে ইএ স্পোর্টসের সিমুলেশনে চ্যাম্পিয়ন হিসেবে উঠে এসেছিল আর্জেন্টিনার নাম। শেষ পর্যন্ত লিওনেল মেসির নেতৃত্বে বিশ্বকাপ জিতে সেই পূর্বাভাস সত্যি করে আলবিসেলেস্তেরা।
এবারের সিমুলেশনে অবশ্য এগিয়ে রাখা হয়েছে স্পেনকে। ইএ স্পোর্টসের মতে, ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতবে ‘লা রোহা’।
ফাইনালে ওঠার পথেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে দুই দল। প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে স্পেন। অন্যদিকে ইংল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা।
ইএ স্পোর্টসের পূর্বাভাস নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তাদের আগের সাফল্যের কারণে। ২০১০ বিশ্বকাপের আগে স্পেন, ২০১৪ সালে জার্মানি, ২০১৮ সালে ফ্রান্স এবং ২০২২ সালে আর্জেন্টিনাকে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে দেখিয়েছিল প্রতিষ্ঠানটির সিমুলেশন। চারবারই শেষ পর্যন্ত সেই দলগুলো বিশ্বকাপ জিতেছে।
তবে সবসময় সফল ছিল না তাদের পূর্বাভাস। ২০০৬ বিশ্বকাপের আগে চেক প্রজাতন্ত্রকে সম্ভাব্য চ্যাম্পিয়ন বলা হয়েছিল। কিন্তু দলটি সেবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। এরপর টানা চার বিশ্বকাপে সঠিক ভবিষ্যদ্বাণী করায় ২০২৬ বিশ্বকাপের পূর্বাভাসও বাড়তি গুরুত্ব পাচ্ছে।
যদিও ফুটবল বিশ্লেষকদের মতে, সিমুলেশন বা পরিসংখ্যান কোনো ম্যাচের ফল নিশ্চিত করতে পারে না। মাঠের পারফরম্যান্সই শেষ কথা। ৯০ মিনিটের লড়াই, প্রয়োজনে অতিরিক্ত সময় ও টাইব্রেকারের পরই জানা যাবে ২০২৬ বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়নের নাম।
বাংলাদেশ সময় আগামী রোববার দিবাগত রাত ১টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ফাইনাল। মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে নামবে আর্জেন্টিনা ও স্পেন।