সংবাদ সম্মেলনে যে কারণে ক্ষোভ ঝাড়লেন স্কালোনি
বিশ্বকাপ ফাইনালের আগে সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। ফিফার নির্ধারিত অনুশীলনের সময়সূচি নিয়ে অসন্তোষ জানিয়ে তিনি বলেন, দলের প্রস্তুতিতে এটি নেতিবাচক প্রভাব ফেলেছে।
আগামী রোববার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে বিশ্বকাপ ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচের দুই দিন আগে সংবাদ সম্মেলনে স্কালোনি জানান, আটলান্টা থেকে বৃহস্পতিবার রাতে নিউজার্সিতে পৌঁছানোর পর শুক্রবার এমন সময়ে অনুশীলন করতে হয়েছে, যা তাদের পরিকল্পনার সঙ্গে মিল ছিল না।
একাদশে কোনো পরিবর্তন আনা হবে কি না—এমন প্রশ্নের জবাবে স্কালোনি বলেন, ‘আমরা তো সবে বিশ্রাম নিতে শুরু করেছি। গত রাতে ১১টার পর নিউজার্সিতে পৌঁছেছি। আজ আমাদের এমন একটি সময়ে অনুশীলন করতে বাধ্য করা হয়েছে, যা আমরা চাইনি। সংবাদ সম্মেলনসহ সবকিছু মিলিয়ে খুব অল্প সময়ের মধ্যে তাড়াহুড়ো করে অনুশীলন করতে হয়েছে। ফলে আমরা প্রায় কিছুই ঠিকভাবে অনুশীলন করে দেখতে পারিনি।’
জানা গেছে, নিউজার্সিতে পৌঁছানোর পর স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় প্রচণ্ড গরমের মধ্যে অনুশীলনে নামতে হয় আর্জেন্টিনাকে। নকআউট পর্বে টানা কঠিন ম্যাচ খেলার পর খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রামের সুযোগ না পাওয়ায়ও অসন্তুষ্ট স্কালোনি।
দলের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে তিনি বলেন, ‘এখন আমাদের মূল লক্ষ্য খেলোয়াড়দের বিশ্রাম নিশ্চিত করা। এরপর দেখব তারা কী অবস্থায় আছে। কারণ কয়েকজন ফুটবলার এখনো শতভাগ ফিট নয়। তাদের শারীরিক অবস্থার মূল্যায়ন করেই সিদ্ধান্ত নেওয়া হবে।’
প্রতিপক্ষ স্পেনকে সমীহ করলেও নিজেদের খেলার দিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন আর্জেন্টিনা কোচ। স্কালোনি বলেন, ‘আমরা সবসময় নিজেদের খেলার দিকেই বেশি মনোযোগ দিই। তবে প্রতিপক্ষের ভালো দিকগুলোও অবশ্যই বিবেচনায় রাখি।’
বিশ্বকাপের শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। তবে সেই লড়াইয়ের আগে প্রস্তুতির সময়সূচি নিয়ে ফিফার সিদ্ধান্তে সন্তুষ্ট নন বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের কোচ।