১৮ জুলাই ২০২৬, ০৮:৩৬

ফাইনালে মেসির সামনে যে ১১ রেকর্ড, লিখতে পারেন নতুন ইতিহাস

লিওনেল মেসি  © সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে উঠেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। আগামী রোববার (১৯ জুলাই) নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এই ম্যাচে শুধু আরেকটি বিশ্বকাপ জয়ের লক্ষ্যই নয়, মেসির সামনে রয়েছে ফিফার গোল্ডেন বল ও গোল্ডেন বুট জয়ের সুযোগ। পাশাপাশি ইতিহাসের পাতায় নতুন করে নাম লেখানোর সুযোগও রয়েছে আর্জেন্টাইন অধিনায়কের। ফাইনালে মাঠে নামলেই কিংবা নির্দিষ্ট কীর্তি গড়তে পারলেই তার সামনে খুলে যাবে ১১টি অনন্য রেকর্ডের দরজা।

বিশ্বকাপ ফাইনালের সবচেয়ে বয়সী আউটফিল্ড খেলোয়াড়
স্পেনের বিপক্ষে ফাইনালে খেললে ৩৯ বছর ২৫ দিন বয়সে বিশ্বকাপ ফাইনালে খেলা ইতিহাসের সবচেয়ে বয়সী আউটফিল্ড খেলোয়াড় হবেন মেসি। অবশ্য সব মিলিয়ে সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ ফাইনাল খেলার রেকর্ডটি ইতালির কিংবদন্তি গোলরক্ষক দিনো জফের। ১৯৮২ সালের ফাইনালে তিনি খেলেছিলেন ৪০ বছর ১৩৩ দিন বয়সে।

তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলা দ্বিতীয় ফুটবলার
স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশে থাকলে মেসি ইতিহাসের মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলবেন। এর আগে কেবল ব্রাজিলের কিংবদন্তি কাফু ১৯৯৪, ১৯৯৮ ও ২০০২ সালে টানা তিনটি ফাইনালে খেলেছিলেন। মেসি এর আগে ২০১৪ ও ২০২২ সালের ফাইনালে খেলেছেন।

তিনটি বিশ্বকাপ ফাইনালে অধিনায়কত্ব করা প্রথম ফুটবলার
স্পেনের বিপক্ষে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিলে মেসিই হবেন ইতিহাসের প্রথম ফুটবলার, যিনি তিনটি বিশ্বকাপ ফাইনালে নিজের দেশকে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেবেন। এর আগে ২০১৪ সালে জার্মানি এবং ২০২২ সালে ফ্রান্সের বিপক্ষেও তিনি অধিনায়ক ছিলেন। কার্ল-হেইঞ্জ রুমেনিগে, দিয়েগো ম্যারাডোনা, ডুঙ্গা ও উগো লরিসদের মতো কিংবদন্তিরা দুটি করে বিশ্বকাপ ফাইনালে অধিনায়কত্ব করেছেন, কিন্তু তিনটি ফাইনালে কেউই নেতৃত্ব দেননি।

অধিনায়ক হিসেবে দুইবার বিশ্বকাপ জয়ের প্রথম ফুটবলার
বিশ্বকাপ ইতিহাসে একাধিকবার শিরোপা জেতা খেলোয়াড় অনেক আছেন। তবে স্পেনকে হারিয়ে আর্জেন্টিনা শিরোপা ধরে রাখতে পারলে মেসিই হবেন প্রথম ফুটবলার, যিনি নিজের জাতীয় দলের অধিনায়ক হিসেবে দুইবার বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বেন। জুসেপ্পে মিয়াজা, বেলিনি, মাউরো রামোস, কাফু কিংবা ড্যানিয়েল পাসারেল্লা দুইবার বিশ্বকাপ জিতলেও অধিনায়ক ছিলেন মাত্র একবার।

বিশ্বকাপ ফাইনালের সবচেয়ে বয়সী গোলদাতা হওয়ার সুযোগ
ফাইনালে গোল করতে পারলে মেসি হবেন বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে গোল করা ফুটবলার। বর্তমানে এই রেকর্ডটি সুইডেনের নিলস লিডহোমের দখলে। তিনি ১৯৫৮ সালের ফাইনালে ৩৫ বছর ২৬৪ দিন বয়সে ব্রাজিলের বিপক্ষে গোল করেছিলেন।

এক বিশ্বকাপে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগ
চলতি বিশ্বকাপে ইতোমধ্যে ৮ গোল করেছেন মেসি। ফলে তিনি ১৯৩০ বিশ্বকাপে গিয়ের্মো স্তাবিলের করা ৮ গোলের রেকর্ড স্পর্শ করেছেন। ফাইনালে আর একটি গোল করলেই এক আসরে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এককভাবে নিজের করে নেবেন।

এক বিশ্বকাপে ১০ গোল করা প্রথম অ-ইউরোপীয় ফুটবলার হওয়ার সুযো
ফাইনালে জোড়া গোল করলে এক আসরে ১০ বা তার বেশি গোল করা প্রথম অ-ইউরোপীয় ফুটবলার হবেন মেসি। একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসে চতুর্থ খেলোয়াড় হিসেবে এই মাইলফলকে পৌঁছাবেন। এক বিশ্বকাপে সর্বোচ্চ ১৩ গোলের রেকর্ড ফ্রান্সের জুস্ত ফন্তেইনের। এছাড়া হাঙ্গেরির সান্দর কচিস ১১ এবং জার্মানির গার্ড মুলার ১০ গোল করেছিলেন।

দুটি ভিন্ন বিশ্বকাপ ফাইনালে গোল করা ষষ্ঠ ফুটবলার হওয়ার সুযোগ
২০২২ সালের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে জোড়া গোল করেছিলেন মেসি। এবার স্পেনের বিপক্ষেও গোল করতে পারলে দুটি ভিন্ন বিশ্বকাপ ফাইনালে গোল করা ইতিহাসের ষষ্ঠ ফুটবলার হবেন তিনি। এর আগে এই কীর্তি গড়েছেন ভাভা, পেলে, পল ব্রাইটনার, জিনেদিন জিদান ও কিলিয়ান এমবাপ্পে।

বিশ্বচ্যাম্পিয়ন দলের হয়ে এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড
ফাইনালে গোল করে আর্জেন্টিনা যদি শিরোপা ধরে রাখতে পারে, তাহলে চলতি বিশ্বকাপে মেসির গোলসংখ্যা হবে ৯। এর মাধ্যমে বিশ্বকাপজয়ী দলের হয়ে এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নেবেন তিনি। বর্তমানে ২০০২ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে ৮ গোল করে এই রেকর্ডটি ধরে রেখেছেন রোনালদো নাজারিও।

বিশ্বকাপ ফাইনালে সর্বাধিক গোলের রেকর্ড স্পর্শ বা ভাঙার সুযোগ
২০২২ সালের ফাইনালে দুটি গোল করেছিলেন মেসি। এবার স্পেনের বিপক্ষে জোড়া গোল করলে বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ ৪ গোলের কিলিয়ান এমবাপ্পের রেকর্ডে ভাগ বসাবেন। আর যদি হ্যাটট্রিক করেন, তাহলে ৫ গোল নিয়ে এককভাবে বিশ্বকাপ ফাইনালের সর্বোচ্চ গোলদাতা হবেন। একই সঙ্গে ১৯৬৬ সালের পর দ্বিতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করার কীর্তিও গড়বেন। এর আগে ইংল্যান্ডের জিওফ হার্স্ট এই কীর্তি গড়েছিলেন।

সবচেয়ে বেশি বয়সে টানা দুই বিশ্বকাপ জেতার রেকর্ড
আর্জেন্টিনা যদি স্পেনকে হারিয়ে শিরোপা ধরে রাখতে পারে, তবে ইতালি (১৯৩৪ ও ১৯৩৮) এবং ব্রাজিলের (১৯৫৮ ও ১৯৬২) পর তৃতীয় দেশ হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বে। একই সঙ্গে ৩৯ বছর বয়সে মেসি হবেন সবচেয়ে বেশি বয়সে টানা দুই বিশ্বকাপজয়ী ফুটবলার। বর্তমানে এই রেকর্ডটি ব্রাজিলের কিংবদন্তি নিলতন সান্তোসের, যিনি ১৯৬২ সালে ৩৭ বছর বয়সে দ্বিতীয়বার বিশ্বকাপ জিতেছিলেন।