১৭ জুলাই ২০২৬, ১৫:১৮

গোল্ডেন বুট, বল ও গ্লাভস জেতার দৌড়ে এগিয়ে যারা

কোলাজ ছবি   © সম্পাদিত ছবি

ফিফা বিশ্বকাপ ২০২৬ শেষ হতে বাকি আর মাত্র দুটি ম্যাচ। ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের পরই জানা যাবে নতুন বিশ্বচ্যাম্পিয়নের নাম। একই সঙ্গে ঘোষণা করা হবে টুর্নামেন্টের সেরা ব্যক্তিগত পুরস্কারজয়ীদেরও। গোল্ডেন বুট, গোল্ডেন বল ও গোল্ডেন গ্লাভসের দৌড়ে কারা এগিয়ে আছেন, তা নিয়েও চলছে জোর আলোচনা।

আগামী রোববার যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। আর তার আগের দিন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলবে ফ্রান্স ও ইংল্যান্ড। এই দুই ম্যাচের পরই ফিফা তুলে দেবে আসরের ছয়টি ব্যক্তিগত পুরস্কার। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে গোল্ডেন বুট, গোল্ডেন বল ও গোল্ডেন গ্লাভস।

গোল্ডেন বুটের লড়াই

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া হয় গোল্ডেন বুট। ২০২২ কাতার বিশ্বকাপে আট গোল করে এই পুরস্কার জিতেছিলেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে।

একাধিক খেলোয়াড়ের গোলসংখ্যা সমান হলে প্রথমে দেখা হবে কার অ্যাসিস্ট বেশি। সেখানেও সমতা থাকলে কম সময় মাঠে থেকে গোল ও অ্যাসিস্ট করা ফুটবলারই জিতবেন গোল্ডেন বুট।

এবারের বিশ্বকাপে এই পুরস্কারের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে। দুজনেরই গোল ৮টি করে। তবে অ্যাসিস্টে এগিয়ে আছেন মেসি। আর্জেন্টাইন অধিনায়কের অ্যাসিস্ট ৪টি, আর এমবাপের ৩টি। দুজনের সামনেই রয়েছে একটি করে ম্যাচ।

এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতারা:

লিওনেল মেসি (আর্জেন্টিনা) — ৮ গোল, ৪ অ্যাসিস্ট
কিলিয়ান এমবাপে (ফ্রান্স) — ৮ গোল, ৩ অ্যাসিস্ট
হ্যারি কেইন (ইংল্যান্ড) — ৬ গোল, ১ অ্যাসিস্ট
জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড) — ৬ গোল, ১ অ্যাসিস্ট
উসমান দেম্বেলে (ফ্রান্স) — ৬ গোল, ২ অ্যাসিস্ট
মিকেল ওয়ারজাবাল (স্পেন) — ৫ গোল, ১ অ্যাসিস্ট

গোল্ডেন বলের লড়াই

বিশ্বকাপের সেরা খেলোয়াড়কে দেওয়া হয় গোল্ডেন বল। ২০২২ বিশ্বকাপে এই পুরস্কার জিতেছিলেন লিওনেল মেসি। ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপ সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরি করে এবং বিশ্বকাপ কভার করা স্বীকৃতিপ্রাপ্ত সংবাদমাধ্যমের ভোটে নির্বাচিত হন সেরা খেলোয়াড়।

এই পুরস্কার জিততে দলের চ্যাম্পিয়ন হওয়া বাধ্যতামূলক নয়। অতীতে জিনেদিন জিদান (২০০৬), লিওনেল মেসি (২০১৪ ও ২০২২) এবং লুকা মদ্রিচ (২০১৮) রানার্সআপ দলের হয়েও গোল্ডেন বল জিতেছেন। কারণ, ফাইনাল শুরুর আগেই ভোটগ্রহণ শেষ হয়ে যায়।

এখন পর্যন্ত একমাত্র ফুটবলার হিসেবে দুইবার গোল্ডেন বল জিতেছেন মেসি। এবারও ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকাই পুরস্কারটির সবচেয়ে বড় দাবিদার। তার পাশাপাশি আলোচনায় রয়েছেন কিলিয়ান এমবাপে, মাইকেল অলিসে, হ্যারি কেইন, জুড বেলিংহ্যাম, আর্লিং হালান্ড এবং কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা।

গোল্ডেন গ্লাভসের লড়াই

বিশ্বকাপের সেরা গোলরক্ষককে দেওয়া হয় গোল্ডেন গ্লাভস। ২০২২ বিশ্বকাপে এই পুরস্কার জিতেছিলেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ।

এই পুরস্কার নির্ধারণে গোলরক্ষকের সামগ্রিক পারফরম্যান্স, গুরুত্বপূর্ণ সেভ এবং ক্লিন শিট বিবেচনায় নেওয়া হয়। ১৯৯৪ সালে চালু হওয়া এই পুরস্কার ২০১০ সাল পর্যন্ত 'লেভ ইয়াশিন অ্যাওয়ার্ড' নামে পরিচিত ছিল।

এবারের বিশ্বকাপে গোলরক্ষকদের মধ্যে সবচেয়ে আলোচনায় রয়েছেন স্পেনের উনাই সিমন। পুরো টুর্নামেন্টে তিনি মাত্র একটি গোল হজম করেছেন। এছাড়া কেপ ভার্দের ভোজিনহা দুর্দান্ত সব সেভ করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। তাকে দলে ভেড়াতে ইন্টার মায়ামির আগ্রহের খবরও প্রকাশ হয়েছে।

এ ছাড়া গোল্ডেন গ্লাভসের দৌড়ে রয়েছেন উরুগুয়ের অরল্যান্ডো গিল, পর্তুগালের দিয়োগো কস্তা, সুইজারল্যান্ডের গ্রেগর কোবেল, মরক্কোর ইয়াসিন বুনো এবং মিশরের মোস্তফা শোবেইর।