১৬ জুলাই ২০২৬, ১৭:৩২

স্পেন নাকি আর্জেন্টিনা, কার হাতে উঠবে ট্রফি? চাঞ্চল্যকর তথ্য জানাল সুপারকম্পিউটার

বিশ্বকাপ ট্রফি   © সংগৃহীত

ফুটবল বিশ্বের দৃষ্টি এখন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকার শিরোপাজয়ী আর্জেন্টিনা। বহুল প্রতীক্ষিত এই লড়াইকে ঘিরে সমর্থকদের উন্মাদনা তুঙ্গে। এরই মধ্যে ম্যাচের সম্ভাব্য ফল নিয়ে গাণিতিক বিশ্লেষণ প্রকাশ করেছে ডাটা অ্যানালাইসিস প্রতিষ্ঠান ‘অপটা সুপারকম্পিউটার’।

অপটার পূর্বাভাস বলছে, নির্ধারিত ৯০ মিনিটের খেলায় জয় পাওয়ার দৌড়ে কিছুটা এগিয়ে রয়েছে স্পেন। তাদের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৪৫.১ শতাংশ। অন্যদিকে, লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনার নির্ধারিত সময়ে জয়ের সম্ভাবনা ২৯.৪ শতাংশ। এছাড়া ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ানো কিংবা টাইব্রেকারে নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা ২৫.৪ শতাংশ বলে উল্লেখ করেছে সুপারকম্পিউটার।

তবে অপটার এই পূর্বাভাস নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে মতভেদ রয়েছে। এবারের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত তাদের বেশিরভাগ পূর্বাভাস বাস্তবের সঙ্গে মিললেও, সেমিফাইনালে কোনো পূর্বাভাসই সঠিক হয়নি। তাই আর্জেন্টিনা সমর্থকদের বিশ্বাস, মাঠের লড়াইয়ে বাস্তব চিত্র ভিন্নও হতে পারে।

এই ম্যাচে আর্জেন্টিনার সামনে রয়েছে ইতিহাস গড়ার সুযোগ। ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে তারা। অন্যদিকে, ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে খেলবে স্পেন।

একদিকে লিওনেল মেসির বিশ্বকাপ অধ্যায়ের আরেকটি গৌরবময় মুহূর্তের সম্ভাবনা, অন্যদিকে দুর্দান্ত ছন্দে থাকা তরুণ স্প্যানিশ দলের শিরোপা জয়ের লড়াই সব মিলিয়ে ১৯ জুলাইয়ের ফাইনাল ফুটবলপ্রেমীদের জন্য হতে যাচ্ছে রোমাঞ্চে ভরা এক মহারণ।

শেষ পর্যন্ত পরিসংখ্যান বা সুপারকম্পিউটারের হিসাব নয়, ফুটবলে ফল নির্ধারণ করে মাঠের পারফরম্যান্স। তাই মেটলাইফ স্টেডিয়ামে শেষ হাসি কে হাসবে, সেই উত্তর জানতে এখন অপেক্ষা শুধু ফাইনালের বাঁশি বাজার।