ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশে থাকছে একাধিক চমক
২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে শুরু একাদশে একাধিক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। সুইজারল্যান্ডের বিপক্ষে জয় পাওয়া দলটি প্রায় অপরিবর্তিত থাকলেও মাঝমাঠ ও রাইট-ব্যাকে চমক দেখা যেতে পারে।
যুক্তরাষ্ট্রের আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ফাইনালে ওঠার লড়াইয়ের আগে শেষ মুহূর্তে একাদশ চূড়ান্ত করছেন কোচ লিওনেল স্কালোনি। প্রতিপক্ষের শক্তি বিবেচনা করে তিনি দলে কিছু পরিবর্তনের কথা ভাবছেন।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘প্রতিপক্ষকে মাথায় রেখে আমরা কিছু পরিবর্তন করতে পারি। আমাদের লক্ষ্য হচ্ছে সেরা দলটিকেই মাঠে নামানো। ছেলেরা সবাই ভালো অবস্থায় আছে।’
তবে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারানো ম্যাচের একাদশে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। স্কালোনির কোচিং মেয়াদে এটি ছিল চতুর্থবার, যখন তিনি একই একাদশ নিয়ে মাঠে নেমেছিলেন। এবারও সেই দলটির বেশির ভাগ খেলোয়াড়কে ধরে রাখার পরিকল্পনা রয়েছে। তবে এক বা দুটি পরিবর্তন হতে পারে। বরাবরের মতো ম্যাচের দিনই খেলোয়াড়দের কাছে চূড়ান্ত একাদশ জানাবেন স্কালোনি।
সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে মাঝমাঠ নিয়ে। পাঁচ ডিফেন্ডারের ফরমেশন ব্যবহার করার সম্ভাবনা কম। যদি কোনো পরিবর্তন আসে, তাহলে সেটি হতে পারে মিডফিল্ডে। সে ক্ষেত্রে রদ্রিগো দে পলের জায়গা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
মিসরের বিপক্ষে ম্যাচেই তাকে বদলি করার কথা ভেবেছিল কোচিং স্টাফ। এরপর জাতীয় দলের শেষ দুই ম্যাচেও তাকে বদলি করা হয়েছে। তাই ইংল্যান্ডের বিপক্ষে তার জায়গায় অন্য কাউকে দেখা যেতে পারে।
দে পল না খেললে তার পরিবর্তে সুযোগ পেতে পারেন নিকোলাস গনসালেস অথবা জুলিয়ানো সিমিওনে।
নিকোলাস গনসালেস চলতি বিশ্বকাপে প্রায় প্রতিটি ম্যাচেই স্কালোনির প্রথম দিকের বদলি হিসেবে মাঠে নেমেছেন এবং ভালো খেলেছেন। তিনি একাদশে জায়গা পেলে বাঁ দিকের মিডফিল্ডে খেলবেন। সে ক্ষেত্রে ডান দিকের অবস্থানে নতুন সমন্বয় করতে হবে।
অন্যদিকে অ্যাটলেটিকো মাদ্রিদের ফুটবলার জুলিয়ানো সিমিওনে সাধারণত ডান দিকেই খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে তার শুরু একাদশে থাকা কিছুটা চমকই হবে। কারণ, চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত কেবল জর্ডানের বিপক্ষে ম্যাচেই শুরু থেকে খেলেছেন তিনি। এর আগে স্কালোনির অধীনে হন্ডুরাস, আইসল্যান্ড ও পুয়ের্তো রিকোর বিপক্ষে প্রীতি ম্যাচ এবং বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ে ও চিলির বিপক্ষে শুরু একাদশে ছিলেন তিনি।
এ ছাড়া রাইট-ব্যাক পজিশনেও কিছুটা অনিশ্চয়তা রয়েছে। যদিও নাহুয়েল মোলিনা এখনো গনসালো মন্তিয়েলের চেয়ে এগিয়ে আছেন।
সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মোলিনা অথবা গনসালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো দে পল অথবা জুলিয়ানো সিমিওনে অথবা নিকোলাস গনসালেস, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেস।