আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে বড় দুঃসংবাদ পেল ইংল্যান্ড
২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে বড় ধাক্কা খেল ইংল্যান্ড। ইনজুরি ও নিষেধাজ্ঞার কারণে দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার জর্ডান হেন্ডারসন এবং জারেল কুয়ানসাহকে ছাড়াই মাঠে নামতে হবে থ্রি লায়ন্সদের।
বিশ্বকাপের সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের আটলান্টায় আর্জেন্টিনার বিপক্ষে খেলবে ইংল্যান্ড। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে অভিজ্ঞ মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন এবং তরুণ ডিফেন্ডার জারেল কুয়ানসাহকে পাচ্ছেন না প্রধান কোচ থমাস টুখেল।
শেষ ষোলোতে মেক্সিকোর বিপক্ষে নাটকীয় জয়ের পর উদযাপনের সময় হাতে চোট পান হেন্ডারসন। পরে পরীক্ষা-নিরীক্ষায় তার হাত ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়। এরপর তার অস্ত্রোপচার করা হয়। বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকায় আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামতে পারবেন না এই অভিজ্ঞ মিডফিল্ডার।
অন্যদিকে, একই ম্যাচে প্রতিপক্ষকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন জারেল কুয়ানসাহ। ফলে এক ম্যাচের নিষেধাজ্ঞার কারণে সেমিফাইনালে তাকে মাঠের বাইরে থাকতে হবে।
তবে এই দুই অনুপস্থিতির মধ্যেও কিছুটা স্বস্তির খবর রয়েছে ইংল্যান্ড শিবিরে। দলের বাকি সব খেলোয়াড় পুরোপুরি ফিট রয়েছেন। ফলে একাদশ সাজানোর ক্ষেত্রে একাধিক বিকল্প হাতে পাচ্ছেন কোচ থমাস টুখেল।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত টানা দুই ম্যাচে একই রক্ষণভাগ নিয়ে মাঠে নামেননি টুখেল। তবে কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ে যে ব্যাক ফোর খেলেছিল, সেমিফাইনালেও তাদের ওপর আস্থা রাখার সম্ভাবনা রয়েছে।
নরওয়ের বিপক্ষে এজরি কনসা, জন স্টোনস, মার্ক গেহি ও নিকো ও'রাইলিকে নিয়ে গড়া রক্ষণভাগ দারুণ দৃঢ়তা দেখিয়েছিল। তাদের পারফরম্যান্সে সন্তুষ্ট টুখেল। তাই আর্জেন্টিনার বিপক্ষেও একই রক্ষণভাগ দেখা যেতে পারে।
ইংল্যান্ডের জন্য আরেকটি ইতিবাচক খবর হলো, অসুস্থতা কাটিয়ে দলে ফিরেছেন মিডফিল্ডের অন্যতম ভরসা ডেকলান রাইস। নরওয়ের বিপক্ষে ম্যাচের আগে পুরোপুরি প্রস্তুত না থাকলেও এখন তিনি অনেকটাই সুস্থ। মঙ্গলবার দলের পূর্ণাঙ্গ অনুশীলনেও অংশ নিয়েছেন এই মিডফিল্ডার।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আটলান্টায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডের শুরুর একাদশেই দেখা যাবে ডেকলান রাইসকে। তিনি ফিরলে মাঝমাঠে ইংল্যান্ডের শক্তি আরও বাড়বে বলে আশা করছে দলটি।