১৫ জুলাই ২০২৬, ১৫:৪০

যে কারণে আর্জেন্টিনার সঙ্গে ফাইনাল খেলতে চান স্পেন কোচ দে লা ফুয়েন্তে

স্পেন কোচ দে লা ফুয়েন্তে  © সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পর আর্জেন্টিনার বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামার ইচ্ছার কথা জানিয়েছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। তিনি বলেছেন, আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বের কারণেই ফাইনালে তাদের মুখোমুখি হতে ভালো লাগবে।

ফ্রান্সকে হারানোর পর সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে জানান, স্কালোনির সঙ্গে তার সম্পর্ক অনেক দিনের। স্কালোনি যখন রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কোচিং কোর্স করছিলেন, তখন দে লা ফুয়েন্তে তার প্রশিক্ষক ছিলেন।

তবে তিনি এটাও স্পষ্ট করে দেন, ফাইনালে প্রতিপক্ষ আর্জেন্টিনা হোক বা ইংল্যান্ড—দুই দলই সমান কঠিন প্রতিদ্বন্দ্বী। তার মতে, এবারের দুই সেমিফাইনালই ছিল আগাম ফাইনালের মতো।

দে লা ফুয়েন্তে বলেন, ‘স্কালোনির সঙ্গে আমার বন্ধুত্বের কারণে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে ভালো লাগবে। তবে ইংল্যান্ডও খুব কঠিন প্রতিপক্ষ হবে। ইতিহাসে এই প্রথম ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি দল বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে।’

ফ্রান্সের বিপক্ষে জয়ের মূল্যায়ন করতে গিয়ে স্পেন কোচ নিজের দলকে বিশ্বের সেরা দল বলেও উল্লেখ করেন।

তিনি বলেন, ‘আজ আমরা বিশ্বের অন্যতম সেরা একটি দলের মুখোমুখি হয়েছিলাম। কিন্তু তাদের বিপক্ষে খেলেছে বিশ্বের সেরা দল। এই দুটির মধ্যে পার্থক্য আছে, আর সেটাই আমাদের বাড়তি শক্তি। আমার খেলোয়াড়রা সবকিছু পাওয়ার যোগ্য। তাদের প্রতিশ্রুতি, নিঃস্বার্থ মানসিকতা এবং প্রতিভা অসাধারণ। আজ তাদের খেলতে দেখা সত্যিই ছিল দারুণ এক অভিজ্ঞতা।’

এদিকে, ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে সংবাদ সম্মেলনে স্পেন কোচের প্রশংসা করেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও। তিনি বলেন, দে লা ফুয়েন্তে তার কোচিং জীবনের শুরু থেকেই তাকে সহযোগিতা করেছেন।

স্কালোনি বলেন, ‘লুইসের জন্য আমি খুব খুশি। সে সত্যিই এটা প্রাপ্য। সে দারুণ একজন মানুষ। সব সময় আমাকে সাহায্য করেছে। সামনে কী হবে, সেটা দেখা যাবে। এই সাফল্য সে প্রাপ্য। আমি কি তাকে ফোন করব? সেটা নির্ভর করবে আমরা কী ফল করি তার ওপর। আমরা জিতলে ফোন করব না। হারলে তাকে অভিনন্দন জানাতে চেষ্টা করব। তবে আশা করি, ফাইনাল শেষ হওয়ার আগে তাকে ফোন করার প্রয়োজন হবে না।’