১৫ জুলাই ২০২৬, ০৩:৩৪

‘স্বপ্ন সত্যি হয়েছে’, ফ্রান্সকে হারানোর পর উচ্ছ্বসিত পোরো

পেদ্রো পোরো  © সংগৃহীত

ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালে স্পেনের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন পেদ্রো পোরো। দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করার পথে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন এই স্প্যানিশ ডিফেন্ডার।

ম্যাচ শেষে টেলিভিশন এসপানোলাকে দেওয়া সাক্ষাৎকারে নিজের অনুভূতি জানিয়ে পোরো বলেন, এটি তার জন্য স্বপ্ন পূরণের মুহূর্ত।

পোরোর ভাষ্যমতে, “এটা সত্যিই স্বপ্ন পূরণের মতো। কখনো ভাবিনি এমন কিছু হবে। শুরু থেকে শেষ পর্যন্ত দলের মানসিকতা দেখে আমি ভীষণ খুশি। আমরা দুর্দান্ত একটি ম্যাচ খেলেছি এবং জয়ের জন্য যা যা দরকার ছিল, সবই করেছি।”

ফ্রান্সের প্রশংসা করে তিনি বলেন, “আমরা জানতাম তারা খুব কঠিন প্রতিপক্ষ। এখন পর্যন্ত তারা দুর্দান্ত খেলেছে। এই জয় পুরো দলের। আমি একা কোনো কৃতিত্ব নিতে চাই না। সবাই অসাধারণ খেলেছে, তাই পুরো দলকে অভিনন্দন।”

ফাইনালে ওঠার পথে বল দখলই ছিল অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করেন পোরো। তিনি বলেন, “আমরা জানতাম ফাইনালের কাছাকাছি যেতে হলে বল আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। তাদের শক্তির জবাব দিতে সেটাই ছিল মূল বিষয়। আমরা সেটাই করেছি, তাই আমরা খুব খুশি।”