১৩ জুলাই ২০২৬, ১০:২৬

মেসিকে ঘুম পাড়িয়ে দিতে চায় ইংল্যান্ড

লিওনেল মেসি   © টিডিসি ফটো

বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা-ইংল্যান্ডের লড়াই মানেই বাড়তি উত্তেজনা। এবার সেই উত্তাপ আরও বেড়েছে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল ঘিরে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ইংল্যান্ডের সাবেক ফুটবলার জো কোল দিয়েছেন চমক জাগানো মন্তব্য। আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে থামানোর বিষয়ে আত্মবিশ্বাসী এই সাবেক মিডফিল্ডার বলেছেন, তারা মেসিকে ‘ঘুম পাড়িয়ে’ দিতে চান।

বুধবার আটলান্টায় অনুষ্ঠিত হতে যাওয়া সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ড জয় পেয়ে বিশ্বকাপের ফাইনালে উঠবে বলে বিশ্বাস করেন জো কোল। শুধু দলের জয় নিয়েই নয়, আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা মেসিকে নিয়েও চ্যালেঞ্জ ছোড়া মন্তব্য করেছেন তিনি।

নেটফ্লিক্স স্পোর্টসের একটি অনুষ্ঠানে ইংল্যান্ডের সাবেক তারকা গ্যারি লিনেকার, অ্যালান শিয়ারার ও মিকা রিচার্ডসের সঙ্গে আলোচনায় অংশ নেন জো কোল। সেখানে আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ প্রসঙ্গে কথা উঠলে মেসিকে নিয়ে নিজের ভবিষ্যদ্বাণী জানান তিনি।

জো কোল বলেন, ‘তাকে ঘুম পাড়িয়ে দিতে হবে। আমরা মেসিকে ঘুম পাড়িয়ে দেব। হ্যাঁ, শতভাগ।’

২০০২, ২০০৬ ও ২০১০—তিনটি বিশ্বকাপে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করা জো কোলের এমন মন্তব্য শুনে অনুষ্ঠানে উপস্থিত অন্যরা তাকে সতর্ক করেন। তারা বলেন, মেসি যদি আবারও কোনো দুর্দান্ত ম্যাচ খেলেন, তাহলে এই বক্তব্যই পরে তার জন্য চাপের কারণ হতে পারে।

তখন তাকে বলা হয়, ‘এটা বলবেন না। আট মাস পর আমরা এ নিয়ে কথা বলব।’

তবে নিজের বক্তব্য থেকে একটুও পিছিয়ে আসেননি সাবেক চেলসি ও লিভারপুলের এই ফুটবলার। বরং আরও আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বলেন, ‘আমি এখনই বলছি, আমরা বিশ্বকাপের ফাইনালে উঠব।’

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে শুধু জো কোলই নন, আত্মবিশ্বাস প্রকাশ করেছেন মিকা রিচার্ডসও। তবে তিনি মনে করেন, আর্জেন্টিনাকে হারাতে ইংল্যান্ডকে কঠিন লড়াই করতে হবে। কারণ আর্জেন্টিনার খেলোয়াড়রা অভিজ্ঞ এবং বড় ম্যাচ জয়ের মানসিকতা রাখে।

তবে ইংল্যান্ডের শক্তির জায়গাগুলো তুলে ধরে রিচার্ডস বলেন, ‘আর্জেন্টিনার শক্তির বিপরীতে আমাদের দলে অনেক বেশি গতি আছে এবং আমরা তাদের হারাব। আমি এটা ভেতর থেকে অনুভব করছি।’

মেসিকে নিয়ে জো কোলের এমন কঠিন মন্তব্য অনেকের কাছেই বিস্ময়ের কারণ হয়েছে। কারণ এর আগে বহুবার তিনি আর্জেন্টাইন তারকার প্রশংসা করেছেন। এমনকি ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়েও মেসিকে এগিয়ে রেখেছেন তিনি।

বিশ্বকাপের আগে মেসিকে নিয়ে জো কোল বলেছিলেন, ‘আমার মনে হয় ক্রিস্টিয়ানো রোনালদো রাতে বালিশে মাথা রাখার সময় ভাবেন, ‘ইশ, যদি আমি মেসির মতো ভালো হতে পারতাম।’ মেসি ঠিক আছে। সে-ই একমাত্র খেলোয়াড়, যে সবকিছু অর্জন করেছে। হ্যাঁ, একমাত্র তিনিই শান্তিতে ঘুমান।’

এদিকে আর্জেন্টিনা-ইংল্যান্ডের ঐতিহাসিক সেমিফাইনালের আগে আরেক সাবেক ইংলিশ ফুটবলার গ্যারি নেভিলও নিজের মতামত জানিয়েছেন। তবে তিনি মেসিকে নিয়ে নয়, বরং আর্জেন্টিনার রক্ষণভাগের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ক্রিস্তিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেসকে নিয়ে মন্তব্য করেছেন।

নেভিল বলেন, ‘তোমাদের দলে ক্রিস্তিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেস আছে। মনে হয়, প্রতি ম্যাচেই তারা দুজন মিলে একটি করে গোল উপহার দেয়। এরপর আবার তাদের দেখলে মনে হয়, তারা গোল করছে, সব হেডে জিতছে এবং মাঠের সব জায়গায় উপস্থিত থাকছে। ওই জার্সি পরলে তাদের মধ্যে অন্যরকম কিছু ঘটে। এটা অবিশ্বাস্য।’

স্কাই বেটের এই বিশ্লেষক আরও বলেন, ‘আমি তাদের বিশ্বের সেরা-খারাপ জুটি হিসেবে বলি, কারণ কখনো কখনো তারা একেবারে অসাধারণ পারফরম্যান্স করে, আবার পরের মুহূর্তেই দুর্দান্ত থেকে হাস্যকর ভুল করে বসে।’