১৩ জুলাই ২০২৬, ০৮:২৬

মেসিকে ছাড়াই অনুশীলনে আর্জেন্টিনা

অনুশীলনে আর্জেন্টিনা   © টিডিসি ফটো

ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালের প্রস্তুতি শুরু করেছে আর্জেন্টিনা। তবে প্রথম দিনের অনুশীলনে দেখা যায়নি অধিনায়ক লিওনেল মেসিসহ মূল একাদশের কোনো ফুটবলারকে। সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময় পর্যন্ত খেলা কঠিন ম্যাচের পর তাদের বিশ্রাম দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। মাঠে নেমেছেন শুধু বদলি খেলোয়াড় এবং বেঞ্চ থেকে নামা ফুটবলাররা।

কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে হারিয়ে শেষ চারে জায়গা নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। সেই জয়ের পর থেকেই ইংল্যান্ডের বিপক্ষে বুধবারের গুরুত্বপূর্ণ লড়াইকে সামনে রেখে খেলোয়াড়দের পুনরুদ্ধারকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে কোচিং স্টাফ।

রোববার কানসাস সিটির অনুশীলন কমপ্লেক্সে দলের অনুশীলন অনুষ্ঠিত হয়। সেখানে মূল একাদশের খেলোয়াড়দের কাউকে মাঠে নামানো হয়নি। দীর্ঘ ১২০ মিনিটের লড়াই শেষে তাদের পূর্ণ বিশ্রামের সুযোগ করে দিয়েছেন স্কালোনি, যাতে সেমিফাইনালের আগে তারা পুরোপুরি সতেজ হয়ে উঠতে পারেন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও বিষয়টি স্পষ্ট করেছিলেন আর্জেন্টিনা কোচ। স্কালোনি বলেন, 'এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন খেলোয়াড়দের পুনরুদ্ধার। সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।' সেই পরিকল্পনা অনুযায়ী আগামী তিন দিন খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা ও শক্তি ফিরিয়ে আনতেই কাজ করবে কোচিং স্টাফ।

অনুশীলনে চিকিৎসক দলের বিশেষ নজরে ছিলেন নিকোলাস গনসালেস। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে বাঁ পায়ের গোড়ালিতে প্রতিপক্ষের স্টাডের আঘাত পেয়েছিলেন তিনি। অনুশীলনের শুরুতে সতীর্থরা যখন ছোট জায়গায় বল নিয়ে কাজ করছিলেন, তখন গনসালেস কিছু সময় আলাদাভাবে চোট পাওয়া পায়ের স্ট্রেচিং করেন। পরে অবশ্য তিনি হালকা অনুশীলনে দলের সঙ্গে যোগ দেন।

আর্জেন্টিনা শিবিরের জন্য স্বস্তির খবরও রয়েছে। অতিরিক্ত সময়ে শারীরিক সমস্যার কারণে মাঠ ছাড়তে বাধ্য হওয়া ক্রিস্তিয়ান রোমেরো ও লিয়ান্দ্রো পারেদেসের চোট গুরুতর নয় বলে জানিয়েছে দলের চিকিৎসকরা।

সুইজারল্যান্ড ম্যাচে রোমেরোর পরিবর্তে নেমেছিলেন নিকোলাস ওতামেন্দি। অন্যদিকে প্রায় এক পায়ে ভর করে খেলা চালিয়ে যাওয়ার পর পারেদেসের জায়গায় মাঠে নামানো হয় হোসে লোপেজকে। তবে চিকিৎসকদের ভাষ্য, দুজনকেই মূলত দীর্ঘ সময় খেলার ক্লান্তি ও সামান্য আঘাতের কারণে বদলি করা হয়েছিল। তাদের কারও বড় ধরনের চোট ধরা পড়েনি।

পরিকল্পনা অনুযায়ী সোমবার সকাল পর্যন্ত কানসাস সিটিতেই থাকবে আর্জেন্টিনা দল। সকালে শেষ অনুশীলন শেষে তারা আটলান্টার উদ্দেশে রওনা দেবে। সেখানেই বুধবার ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে মাঠে নামবে স্কালোনির শিষ্যরা।

আটলান্টায় পৌঁছে মঙ্গলবার প্রথম অনুশীলন করবে আর্জেন্টিনা। এরপর মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ-পূর্ববর্তী আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। সেখানে ইংল্যান্ডকে নিয়ে দলের প্রস্তুতি ও পরিকল্পনা তুলে ধরবেন প্রধান কোচ লিওনেল স্কালোনি।