ফিফা র্যাঙ্কিংয়ের প্রথম চার দল খেলবে সেমিফাইনাল
২০২৬ ফিফা বিশ্বকাপে নতুন ইতিহাসের জন্ম হয়েছে। প্রথমবারের মতো ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি দলই জায়গা করে নিয়েছে বিশ্বকাপের সেমিফাইনালে। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের জয়ের মধ্য দিয়ে বিশ্ব ফুটবলে গড়ে উঠেছে এই অনন্য রেকর্ড।
বিশ্বকাপের ইতিহাসে এর আগে কখনো ফিফা র্যাঙ্কিংয়ের সেরা চারটি দল একসঙ্গে শেষ চারে উঠতে পারেনি। ২০২৬ আসরেই প্রথমবারের মতো সেই বিরল কীর্তির সাক্ষী হলো ফুটবল বিশ্ব।
কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নির্ধারিত সময় ১-১ সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজের গোলে জয় নিশ্চিত করে লিওনেল মেসির দল।
অন্যদিকে মায়ামিতে অনুষ্ঠিত তৃতীয় কোয়ার্টার ফাইনালে শুরুতে পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তন করে নরওয়েকে ২-১ গোলে হারিয়েছে ইংল্যান্ড। দলের হয়ে জোড়া গোল করেন জুড বেলিংহাম। এই জয়ে ১৯৬৬ সালের বিশ্বচ্যাম্পিয়নরা চতুর্থবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে।
এর আগে ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলের মধ্যে নকআউট পর্বে মুখোমুখি লড়াই হয়েছিল। সেবার শেষ ষোলোতে দ্বিতীয় স্থানে থাকা স্পেন খেলেছিল তৃতীয় স্থানে থাকা পর্তুগালের বিপক্ষে। আর কোয়ার্টার ফাইনালে শীর্ষে থাকা ব্রাজিলের প্রতিপক্ষ ছিল চতুর্থ স্থানে থাকা নেদারল্যান্ডস। ফলে চার দল একসঙ্গে সেমিফাইনালে ওঠার সুযোগ তখনই শেষ হয়ে যায়।
২০২৬ বিশ্বকাপে অবশ্য ভিন্ন চিত্র দেখা গেল। ফিফার টুর্নামেন্ট-পূর্ব নির্ধারিত 'প্রটেক্টেড ব্র্যাকেট'ও কার্যকর হয়েছে পরিকল্পনামতো। ফলে র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই ভিন্ন পথে এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। এতে বিশ্বকাপের ইতিহাসে অন্যতম শক্তিশালী ও আকর্ষণীয় সেমিফাইনাল লাইনআপ দেখার সুযোগ পাচ্ছেন ফুটবলপ্রেমীরা।