১২ জুলাই ২০২৬, ০৯:৫৯

১০ জনের বিরুদ্ধে ১২০ মিনিট খেলে জয় পেল বিশ্ব চ্যাম্পিয়নরা

জয় উৎযাপন  © সংগৃহীত

দশ জনের সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে ৩-১ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতায় শেষ হওয়া রুদ্ধশ্বাস কোয়ার্টার ফাইনালের ভাগ্য নির্ধারণ হয় অতিরিক্ত সময়ে। সেখানে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজের গোলে শেষ চারে জায়গা নিশ্চিত করে লিওনেল মেসির দল।

কানসাস সিটি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। ১০ মিনিটে লিওনেল মেসির কর্নার থেকে দারুণ এক হেডে গোল করে দলকে এগিয়ে দেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। সেই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় সুইজারল্যান্ড। ৬৭ মিনিটে রিকার্দো রদ্রিগেজের বাড়ানো বল থেকে ড্যান এনদোয়ে গোল করে ম্যাচে সমতা ফেরান। গোল হজমের পর চাপ বাড়ালেও আর্জেন্টিনা নির্ধারিত সময়ে আর জয়ের গোল খুঁজে পায়নি।

সমতায় ফেরার পরই ম্যাচে আসে সবচেয়ে বড় বিতর্ক। ৭০ মিনিটে লিয়ান্দ্রো পারেদেস ও ব্রেল এম্বোলোর মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রথমে পারেদেসকে হলুদ কার্ড দেখান পর্তুগিজ রেফারি জোয়াও পিনহেইরো। তবে দুই দলের খেলোয়াড়দের উত্তেজনার মধ্যে ভিএআরের পরামর্শে অন-ফিল্ড রিভিউ করেন তিনি।

রিপ্লে দেখে রেফারি বুঝতে পারেন, পারেদেসের সঙ্গে কোনো শারীরিক সংযোগ ছাড়াই ডি-বক্সের সামনে ডাইভ দিয়েছিলেন এম্বোলো। এরপর নিজের আগের সিদ্ধান্ত পরিবর্তন করে পারেদেসের হলুদ কার্ড বাতিল করেন এবং ডাইভিংয়ের দায়ে এম্বোলোকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বহিষ্কার করেন। ৭২ মিনিট থেকে ১০ জন নিয়েই খেলতে হয় সুইজারল্যান্ডকে।

সংখ্যাগত সুবিধা কাজে লাগাতে শেষ দিকে একের পর এক আক্রমণ চালায় আর্জেন্টিনা। লিওনেল মেসি, নিকোলাস গনসালেস ও লিসান্দ্রো মার্তিনেজ গোলের সুযোগ তৈরি করলেও দুর্দান্ত গোলকিপিংয়ে সুইসদের ম্যাচে টিকিয়ে রাখেন গ্রেগর কোবেল। ফলে নির্ধারিত ৯০ মিনিট শেষে স্কোরলাইন থাকে ১-১।

অতিরিক্ত সময়েও দীর্ঘ সময় গোলশূন্য ছিল ম্যাচ। ১১৩ মিনিট পর্যন্ত সমতা ধরে রাখলেও ১১৪তম মিনিটে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন হুলিয়ান আলভারেজ। প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া তাঁর দুর্দান্ত শটে ২-১ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। একাদশে তাঁর জায়গা নিয়ে ওঠা সব প্রশ্নের জবাব দেন এই গোলেই।

এরপর অতিরিক্ত সময়ের যোগ করা সময়ে (১২০ মিনিটে) লাউতারো মার্তিনেজ আরও একটি গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জয় তুলে নিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেয় লিওনেল মেসির আর্জেন্টিনা।