১২ জুলাই ২০২৬, ০৭:৫৬

ম্যাক আলিস্টারের গোলে এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা

আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড দল  © সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। ম্যাচের একমাত্র গোলটি লিওনেল মেসির কর্নার থেকে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের হেডে এসেছে।

শুরুর দিকে সুইজারল্যান্ডই বেশি আক্রমণাত্মক ফুটবল খেলেছে। উচ্চগতির প্রেসিং ও বলের দখল ধরে রেখে আর্জেন্টিনাকে চাপে রাখার চেষ্টা করেছে মুরাত ইয়াকিনের দল। তবে শেষ তৃতীয়াংশে গিয়ে কার্যকর আক্রমণ গড়ে তুলতে পারেনি তারা।

অন্যদিকে প্রথম বড় সুযোগই কাজে লাগায় আর্জেন্টিনা। দশম মিনিটে বাঁ দিক থেকে মেসির নেওয়া নিখুঁত কর্নারে দুর্দান্ত হেডে গোল করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। সেই গোলেই এগিয়ে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

গোলের পর আর্জেন্টিনা ম্যাচের গতি নিয়ন্ত্রণে রাখলেও ব্যবধান বাড়াতে পারেনি। আর সুইজারল্যান্ডও আর্জেন্টিনার রক্ষণ ভাঙার মতো কোনো পরিষ্কার সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়। ফলে প্রথমার্ধ শেষে সেই ব্যবধান নিয়ে বিরতিতে গেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।