ইংল্যান্ডের গোল নিয়ে বিতর্ক, ব্যাখ্যা দিলো ফিফা
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে নরওয়ের ২-১ গোলে হারের ম্যাচে জুড বেলিংহ্যামের প্রথম গোল ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।
নরওয়ের অভিযোগ, ইংল্যান্ডের সমতা ফেরানো গোলের আগে একটি অস্বাভাবিক ঘটনা ঘটেছিল। তাদের দাবি, গোলরক্ষক অরইয়ান নিল্যান্ডের নেওয়া গোল কিক থেকে উড়ে যাওয়া বলটি স্টেডিয়ামের ওপর থাকা স্পাইডার ক্যামেরার ঝুলন্ত তারে লেগে দিক পরিবর্তন করে। এরপরই ইংল্যান্ড আক্রমণ গড়ে তোলে এবং বেলিংহ্যাম গোল করেন।
গোলের পর নরওয়ের খেলোয়াড়, অধিনায়ক আর্লিং হলান্ড ও কোচিং স্টাফকে রেফারি ক্লেমঁ তুরপিনের সঙ্গে তীব্র আলোচনা করতে দেখা যায়। তাদের দাবি ছিল, বলের গতিপথে প্রভাব পড়ায় গোলটি বাতিল হওয়া উচিত ছিল।
তবে ফিফা পরে জানায়, এ বিষয়ে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। ফিফার বিবৃতিতে বলা হয়, ‘৪৫+২ মিনিটে ইংল্যান্ডের গোলের আগে, বাতাসে থাকা অবস্থায় বলের ভেতরের সেন্সরে (কানেক্টেড বল টেকনোলজি) অস্বাভাবিক কোনো কম্পন বা ‘হার্টবিট’ ধরা পড়েনি। তাই বলটি ওপরের তারে লেগেছিল বা এর গতিপথ পরিবর্তন হয়েছিল—এমন কোনো প্রমাণ নেই।’
ফিফার ব্যাখ্যা অনুযায়ী, বলটি স্পাইডার ক্যামেরার তারে লেগে দিক পরিবর্তন করেছে, এমন কোনো প্রমাণ তাদের কাছে নেই। ফলে বেলিংহ্যামের গোলটি বহাল থাকে এবং সেই গোলসহ তার জোড়া গোলেই ইংল্যান্ড অতিরিক্ত সময়ে ২-১ ব্যবধানে জয় পেয়ে সেমিফাইনালে উঠে যায়।