তারকা এক ফুটবলারকে নিয়ে শঙ্কায় আর্জেন্টিনা
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দেখা দিয়েছে নতুন শঙ্কা। দলের ডান প্রান্তের ডিফেন্ডার গনসালো মন্টিয়েল একটি হলুদ কার্ড নিয়ে খেলছেন। সুইজারল্যান্ডের বিপক্ষে তিনি আরেকটি হলুদ কার্ড দেখলে আর্জেন্টিনা সেমিফাইনালে উঠলেও সেই ম্যাচে খেলতে পারবেন না।
শনিবার রাত ১০টায় কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। মন্টিয়েল প্রথম একাদশে থাকবেন কি না, তা এখনো নিশ্চিত হয়নি। তবে মাঠে নামলে তাকে বাড়তি সতর্ক থাকতে হবে, যাতে আর হলুদ কার্ড না দেখেন।
রিভার প্লেটের এই ডানপ্রান্তের ডিফেন্ডার মিসরের বিপক্ষে ম্যাচে নাহুয়েল মোলিনার বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। সেই ম্যাচে তিনি লিওনেল মেসির সমতাসূচক গোলের পাসও দিয়েছিলেন। তবে শেষ ষোলোর ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে একটি হলুদ কার্ড দেখেন। সেই কার্ডের কারণেই এখন তিনি নিষেধাজ্ঞার ঝুঁকিতে রয়েছেন।
আর্জেন্টিনার প্রধান লক্ষ্য সেমিফাইনালে জায়গা নিশ্চিত করা। শেষ চারে উঠতে পারলে তাদের প্রতিপক্ষ হতে পারে নরওয়ে ও ইংল্যান্ড ম্যাচের বিজয়ী দল। তবে দল এগোলেও মন্টিয়েল যদি সুইজারল্যান্ডের বিপক্ষে আরেকটি হলুদ কার্ড দেখেন, তাহলে সম্ভাব্য সেমিফাইনালে খেলতে পারবেন না।
বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, শেষ ষোলোর পর থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত কোনো খেলোয়াড় দুটি ভিন্ন ম্যাচে দুটি হলুদ কার্ড পেলে পরের ম্যাচে নিষিদ্ধ থাকবেন। অর্থাৎ, নকআউট পর্বের প্রথম ম্যাচে একটি হলুদ কার্ড পাওয়া কোনো খেলোয়াড় কোয়ার্টার ফাইনালেও আরেকটি হলুদ কার্ড দেখলে তিনি সেমিফাইনালে খেলতে পারবেন না।
তবে টুর্নামেন্টে হলুদ কার্ডের হিসাব দুইবার মুছে দেওয়া হয়। প্রথমবার গ্রুপ পর্ব শেষে এবং দ্বিতীয়বার কোয়ার্টার ফাইনাল শেষে। তাই মন্টিয়েলসহ বিভিন্ন দলের যেসব খেলোয়াড় একটি হলুদ কার্ড নিয়ে কোয়ার্টার ফাইনালে খেলছেন, তাদের বাড়তি সতর্ক থাকতে হবে। সেমিফাইনালে উঠতে পারলে এরপর আগের হলুদ কার্ডের হিসাব আর বহাল থাকবে না।