১২ জুলাই ২০২৬, ০০:৫৭

মসজিদ পরিদর্শনে গিয়ে ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার ফুটবলার ইয়েঙ্গি

অস্ট্রেলিয়ার ফুটবলার ইয়েঙ্গি  © টিডিসি ফটো

অ্যাডিলেডের একটি মসজিদ পরিদর্শনে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দলের উদীয়মান ফরোয়ার্ড তেতে ইয়েঙ্গি (২৫)। শুক্রবার জুমার নামাজের পর মসজিদে কালিমায়ে শাহাদাত পাঠ করে আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেন তিনি। শনিবার (১১ জুলাই) এ তথ্য জানিয়েছে দ্য ইসলামিক ইনফরমেশন

প্রতিবেদনে বলা হয়েছে, কৌতূহল থেকেই মুসলমানদের ইবাদত পদ্ধতি এবং মসজিদের পরিবেশ কাছ থেকে দেখার আগ্রহে অ্যাডিলেডের ওই মসজিদে গিয়েছিলেন ইয়েঙ্গি। সেখানে জুমার খুতবা দিচ্ছিলেন প্রখ্যাত ইসলামি স্কলার মুফতি ইসমাইল মেঙ্ক। নামাজ শেষে তার সঙ্গে ইয়েঙ্গির কথা হয়।

কথোপকথনের একপর্যায়ে মুফতি ইসমাইল মেঙ্ক ইয়েঙ্গিকে জিজ্ঞেস করেন, তিনি কখনও শাহাদা পাঠ করেছেন কি না। ইয়েঙ্গি জানান, তিনি আগে কখনও তা করেননি। এরপর মুফতি মেঙ্ক তাকে ইসলাম গ্রহণের আহ্বান জানান। ইয়েঙ্গি সানন্দে সেই আহ্বান গ্রহণ করেন এবং মসজিদে উপস্থিত সবার সামনে কালিমায়ে শাহাদাত পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

ক্রীড়া সংবাদমাধ্যম নুজুম স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়েঙ্গি বলেন, 'এটি একটি দীর্ঘমেয়াদী ও ধারাবাহিক প্রক্রিয়ার ফসল। দীর্ঘদিনের পড়াশোনা, গভীর চিন্তাভাবনা এবং ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছেন। সম্পূর্ণ আত্মতুষ্টি এবং ব্যক্তিগত উপলব্ধি থেকেই তিনি ইসলামের ছায়াতলে এসেছেন।'

তিনি আরও জানান, ইসলাম গ্রহণের সিদ্ধান্ত কোনো একদিনের ঘটনা নয়। দীর্ঘ সময় ধরে পড়াশোনা, আত্মবিশ্লেষণ এবং ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি এ সিদ্ধান্তে পৌঁছেছেন।

দক্ষিণ সুদানীয় বংশোদ্ভূত তেতে ইয়েঙ্গি বর্তমানে স্কটিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব লিভিংস্টোনের হয়ে খেলছেন। শারীরিক শক্তি, গতি এবং আক্রমণাত্মক খেলার জন্য তিনি পরিচিত। তিনি অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দলের সদস্য এবং ২০২৬ সালের বিশ্বকাপের জন্যও জাতীয় দলে ডাক পেয়েছেন।