১১ জুলাই ২০২৬, ২৩:৫৫

পিছিয়ে যেতে পারে ইংল্যান্ড-নরওয়ে কোয়ার্টার ফাইনাল ম্যাচ

কোলাজ ছবি   © সংগৃহীত

দক্ষিণ ফ্লোরিডার তীব্র গরমের কারণে ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ও নরওয়ের ম্যাচ নির্ধারিত সময়ে শুরু নাও হতে পারে। অনুভূত তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছানোর আশঙ্কায় মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৩টা) শুরু হওয়ার কথা থাকা ম্যাচটির কিক-অফ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে ফিফা।

আজ শনিবার মিয়ামিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ইংল্যান্ড-নরওয়ের কোয়ার্টার ফাইনাল। তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ম্যাচ চলাকালে অনুভূত তাপমাত্রা সর্বোচ্চ ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।

চলতি বিশ্বকাপে এর আগে যেসব ম্যাচ পিছিয়েছে, সেগুলোর সবই বজ্রঝড়ের কারণে। তবে ফিফার নিয়ম অনুযায়ী, স্থানীয় তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে ম্যাচ শুরুর সময় পরিবর্তনের ক্ষমতা সংস্থাটির রয়েছে। এদিকে দক্ষিণ ফ্লোরিডায় স্থানীয় কর্তৃপক্ষ তীব্র গরমের সতর্কতা জারি করেছে। ম্যাচ শুরুর সময় সেখানে মূল তাপমাত্রা ২৯ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মিয়ামি সিটি কাউন্সিল তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে বাসিন্দা ও পর্যটকদের জন্য সতর্কতামূলক পরামর্শ দিয়েছে। তারা বলেছে, 'পর্যাপ্ত পানি পান করুন, হালকা পোশাক পরুন এবং দিনের সবচেয়ে গরম সময়ে ঘরের বাইরে কাজকর্ম এড়িয়ে চলুন।' কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আর্দ্রতা বেশি থাকায় প্রকৃত তাপমাত্রার চেয়ে গরম আরও বেশি অনুভূত হতে পারে।

পেশাদার ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন 'ফিফপ্রো'র প্রোটোকল অনুযায়ী, স্থানীয় তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলে খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে ম্যাচ স্থগিত বা পিছিয়ে দেওয়ার সুপারিশ করা হয়।

ম্যাচটি শেষ পর্যন্ত পিছিয়ে গেলে, চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের জন্য এটি নতুন কোনো অভিজ্ঞতা হবে না। এর আগে মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচও তীব্র বজ্রঝড়ের কারণে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে শুরু হয়েছিল।