১১ জুলাই ২০২৬, ২১:২৪

পেছাতে পারে ইংল্যান্ড-নরওয়ে কোয়ার্টার ফাইনাল

ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ   © সংগৃহীত

চলমান বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়ে ও ইংল্যান্ডের বহুল প্রতীক্ষিত ম্যাচের আগে আলোচনার কেন্দ্রে মায়ামির আবহাওয়া। মূলত ম্যাচ শুরুর সময় বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনার পাশাপাশি তীব্র গরমের কারণে তাপ সতর্কতাও জারি করা হয়েছে।

শনিবার স্থানীয় সময় বিকেল ৫টায় (বাংলাদেশ সময় রোববার ভোর ৩টা) মায়ামি গার্ডেনসের হার্ড রক স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবার সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ম্যাচ শুরুর সময়ের পর থেকে বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা প্রায় ৩০ শতাংশ। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তবে উচ্চ আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে।

এই কারণেই স্থানীয় সময় সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মায়ামি গার্ডেনস এলাকায় তাপ সতর্কতা জারি করেছে আবহাওয়া কর্তৃপক্ষ। এ ছাড়া দর্শকদের পর্যাপ্ত পানি পান, হালকা পোশাক পরা এবং দীর্ঘ সময় সরাসরি রোদে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে বজ্রপাতে ম্যাচেও বিঘ্ন ঘটতে পারে। বিশ্বকাপে অনুসৃত নিরাপত্তা নীতিমালা অনুযায়ী, স্টেডিয়ামের ৮ মাইল ব্যাসার্ধের মধ্যে বজ্রপাত শনাক্ত হলে খেলা সাময়িকভাবে বন্ধ রাখতে হবে। এরপর অন্তত ৩০ মিনিট নতুন কোনো বজ্রপাত না হলেই ম্যাচ পুনরায় শুরু করা যাবে। এই সময়ের মধ্যে আবার বজ্রপাত হলে অপেক্ষার সময় নতুন করে গণনা শুরু হবে।

তবে এখন পর্যন্ত ম্যাচের সময় পরিবর্তন বা স্থগিত করার বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। আবহাওয়ার পরিস্থিতি অনুকূলে থাকলে নির্ধারিত সময়েই মাঠে নামবে দুই দল। আর শেষ পর্যন্ত হ্যারি কেইন ও আর্লিং হলান্ডদের লড়াই নির্ধারিত সময়ে শুরু হবে কি না, সেটি নির্ভর করছে ম্যাচের ঠিক আগের আবহাওয়ার ওপর।