১১ জুলাই ২০২৬, ২০:৫৭

যেভাবে মেক্সিকোর ‘অঘোষিত নায়ক’ হয়ে উঠলেন হলান্ড

আর্লিং হলান্ড  © সংগৃহীত

অপ্রত্যাশিতভাবেই মেক্সিকোর ফুটবল সমর্থকদের নতুন প্রিয় মুখে পরিণত হয়েছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ড। মূলত ইংল্যান্ডের কাছে মেক্সিকোর বিশ্বকাপ বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নরওয়েকে সমর্থন জানাতে শুরু করেন অনেক মেক্সিকান সমর্থক। সেই আবেগকে সাদরে গ্রহণ করেছেন হলান্ডও।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, হলান্ডের বিখ্যাত ‘ভাইকিং ক্ল্যাপ’-এর সঙ্গে মেক্সিকান বান্দা সংগীত জুড়ে দেওয়া হয়েছে। ভিডিওটি দেখে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে হলান্ড লিখেছেন, “আমি তোমাদের কথা শুনছি”।

এরপর আরও একজন মেক্সিকান সমর্থক হলান্ডকে অনুরোধ করেন, ইংল্যান্ডকে হারিয়ে যেন মেক্সিকোর ‘প্রতিশোধ’ নেন। জবাবে নরওয়ের এই গোলমেশিন লিখেছেন, “যদি সত্যিই তা করি?”

মুহূর্তেই ভাইরাল হয়ে যায় হলান্ডের এই মন্তব্য। মেক্সিকান সমর্থকদের কাছেও বিশ্বকাপজুড়ে ব্যবহৃত একটি জনপ্রিয় স্লোগানে পরিণত হয়েছে এটি। ফলে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে নরওয়ের প্রতি মেক্সিকানদের সমর্থন আরও জোরালো হচ্ছে।