১১ জুলাই ২০২৬, ২০:২৩

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ নিয়ে যা বলছে সুপার কম্পিউটার

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ   © সংগৃহীত

চলমান ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেমিফাইনালে ইংল্যান্ড অথবা নরওয়ের মুখোমুখি হবে এই ম্যাচের বিজয়ী দল। বাংলাদেশ সময় রবিবার (১২ জুলাই) সকাল ৭টায় গড়াবে ম্যাচটি।

এদিকে শেষ চারের টিকিটের লড়াইয়ে ইতিহাস ও পরিসংখ্যান; দুই দিক থেকেই এগিয়ে রয়েছে লিওনেল মেসির দল। দুই দলের অতীত দেখলে আর্জেন্টিনার আধিপত্যই স্পষ্ট। সুইজারল্যান্ডের বিপক্ষে আগের ৭ দেখায় একবারও হারেনি লে আলবিসেলেস্তেরা। এই ৭ ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় পেয়েছে আর্জেন্টিনা, বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।

অন্যদিকে ফুটবল পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটারও আর্জেন্টিনাকেই এগিয়ে রাখছে। ২৫ হাজার প্রাক-ম্যাচ সিমুলেশনের ভিত্তিতে ৯০ মিনিটের মধ্যে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৫৭ দশমিক ১ শতাংশ। অন্যদিকে, নির্ধারিত সময়ে সুইজারল্যান্ডের জয়ের সম্ভাবনা ১৮ দশমিক ৭ শতাংশ, আর ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা ২৪ দশমিক ২ শতাংশ।

অতিরিক্ত সময় ও টাইব্রেকারের সম্ভাবনাও বিবেচনায় নিলে সেমিফাইনালে ওঠার সম্ভাবনায়ও এগিয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। অপটার হিসাবে আর্জেন্টিনার শেষ চারে ওঠার সম্ভাবনা ৬৯ দশমিক ৪ শতাংশ, যেখানে সুইজারল্যান্ডের সম্ভাবনা ৩০ দশমিক ৬ শতাংশ।