১১ জুলাই ২০২৬, ১১:০৬

আর্জেন্টিনা ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল সুইজারল্যান্ড

সুইচ কোচ মুরাত ইয়াকিন  © টিডিসি ফটো

২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা খেয়েছে সুইজারল্যান্ড। দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় জোহান মানজাম্বিকে পাচ্ছে না তারা। চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় শেষ আটের লড়াইয়ে মাঠে নামতে পারবেন না এই ফরোয়ার্ড।

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সুইজারল্যান্ড কোচ মুরাত ইয়াকিন নিশ্চিত করেছেন, মানজাম্বিকে খেলানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তাকে প্রস্তুত করা সম্ভব হয়নি।

চোটের কারণে কলম্বিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগেই মাঠের বাইরে চলে যান মানজাম্বি। এরপর থেকে দলের সঙ্গে নিয়মিত অনুশীলনও করতে পারেননি তিনি। সংবাদমাধ্যমের প্রবেশের সময় তাকে আলাদাভাবে মাঠের পাশে অনুশীলন করতে দেখা যায়।

মানজাম্বির অনুপস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে ইয়াকিন বলেন, ‘সে খেলতে পারবে না। আমরা সবকিছু চেষ্টা করেছি, কিন্তু সম্ভব হয়নি। সে বেশ ব্যথার মধ্যে আছে। আমাদের জন্য এটা খুব কঠিন, কারণ সে দারুণ ছন্দে ছিল এবং খুব ভালো খেলছিল। কিন্তু শেষ পর্যন্ত এটা সম্ভব হলো না।’

চলতি বিশ্বকাপে সুইজারল্যান্ডের অন্যতম বড় ভরসা হয়ে উঠেছিলেন মানজাম্বি। তার গতি, আক্রমণভাগে কার্যকারিতা ও গোল করার সামর্থ্য দলটির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। আর্জেন্টিনার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে তার না থাকা সুইজারল্যান্ডের জন্য বড় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে রেফারিং নিয়ে ওঠা আলোচনা নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুরাত ইয়াকিন। কোনো ধরনের পক্ষপাতমূলক সিদ্ধান্তের অভিযোগে যেতে চান না তিনি। তার মতে, মাঠের পারফরম্যান্সই ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে।

রেফারিং নিয়ে সুইজারল্যান্ড কোচ বলেন, ‘আমি মনে করি সাধারণভাবে ম্যাচগুলো ন্যায্যভাবেই পরিচালিত হয়। বর্তমানে প্রযুক্তি ও ভিএআর দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব। আর্জেন্টিনার খেলার ধরন কঠিন। তারা প্রতিটি ম্যাচেই নিজেদের কৌশল ও অভিজ্ঞতা দেখায়। তারা অনেক আবেগ নিয়ে খেলে এবং আপনি যদি তাদের বিপক্ষে শক্তভাবে দাঁড়াতে না পারেন, তাহলে তাদের হারানো কঠিন।’

তিনি আরও বলেন, ‘আমি বলব না যে কোনো খারাপ বা নেতিবাচক কিছু ঘটেছে। ম্যাচের পর কথা দিয়ে কিছু সমাধান করা যায় না। সুযোগ থাকে মাঠে, ৯০ মিনিটের খেলায়। পরে অভিযোগ করা বা অপমান করার কোনো মানে নেই।’

আর্জেন্টিনার বিপক্ষে নিজেদের পরিকল্পনা নিয়েও কথা বলেছেন ইয়াকিন। বিশেষ করে লিওনেল মেসিকে আটকাতে পুরো দলের সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দিয়েছেন তিনি।

মেসিকে থামানোর পরিকল্পনা নিয়ে সুইজারল্যান্ড কোচ বলেন, ‘আমরা ভালো করার চেষ্টা করব এবং আগামীকাল মাঠে দল হিসেবে খেলব। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে আমাদের চাপ ধরে রাখতে হবে। তারাও মাঠে নিজেদের কাজ করার চেষ্টা করবে। আমরা অনেক কিছু নিয়ে কথা বলতে পারি, কিন্তু শেষ পর্যন্ত মাঠেই তা প্রমাণ করতে হবে। আমাদের নিজেদের কিছু সমাধান রয়েছে।’