১০ জুলাই ২০২৬, ২১:৩৩

স্পেন নাকি বেলজিয়াম, কে জিতবে—জানাল সুপারকম্পিউটার

স্পেন-বেলজিয়াম ম্যাচ   © সংগৃহীত

চলমান ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই শক্তিশালী দল স্পেন ও বেলজিয়াম। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচের বিজয়ী সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে খেলবে।

এদিকে টুর্নামেন্ট যত শেষের দিকে এগোচ্ছে, ততই ছন্দে ফিরছে বেলজিয়াম। গ্রুপ ‘জি’র চ্যাম্পিয়ন হলেও শুরুতে খুব একটা ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে পারেনি তারা। তবে নকআউট পর্বে এসে বদলে গেছে দলটির চেহারা। শেষ ৩২-এর ম্যাচে সেনেগালকে অতিরিক্ত সময়ে ৩-২ গোলে হারানোর পর শেষ ষোলোতে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে বেলজিয়ানরা।

অন্যদিকে পুরো টুর্নামেন্টজুড়েই দুর্দান্ত ফুটবল খেলছে স্পেন। শক্তিশালী স্কোয়াড, বলের নিয়ন্ত্রণ এবং আক্রমণভাগের ধারাবাহিকতায় এবারের বিশ্বকাপের অন্যতম শিরোপাপ্রত্যাশী হিসেবে বিবেচিত হচ্ছে লা রোজারা।

সাম্প্রতিক পরিসংখ্যানও স্পেনের পক্ষেই কথা বলছে। যদিও ২০১৬ সালের পর দুই দল আর মুখোমুখি হয়নি। তবে এর আগে সব প্রতিযোগিতা মিলিয়ে বেলজিয়ামের বিপক্ষে টানা ১১ ম্যাচ অপরাজিত ছিল স্পেন। এই সময়ে ৯টি জয়ের বিপরীতে ড্র করেছে দুটি ম্যাচ।

পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাসেও এগিয়ে স্পেন। অপটা সুপারকম্পিউটারের হিসাব অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে স্পেনের জয়ের সম্ভাবনা ৫৯ দশমিক ৩ শতাংশ। অন্যদিকে বেলজিয়ামের জয়ের সম্ভাবনা ১৮ দশমিক ৩ শতাংশ, আর ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা ২২ দশমিক ৪ শতাংশ। অতিরিক্ত সময় ও টাইব্রেকারের সম্ভাবনা যোগ করলে স্পেনের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা বেড়ে দাঁড়ায় ৬৯ দশমিক ৫ শতাংশ।

তবে নকআউট ফুটবলে অতীতের পরিসংখ্যান কিংবা সম্ভাবনার হিসাব সবসময় শেষ কথা বলে না। তাই ফ্রান্সের সেমিফাইনাল প্রতিপক্ষ নির্ধারণের এই লড়াইয়ে জমজমাট এক ম্যাচের অপেক্ষায় ফুটবল বিশ্ব।