৪১ শতাংশ ব্রাজিলিয়ানের বিশ্বাস—আর কখনোই বিশ্বকাপ জিতবে না ব্রাজিল
টানা ষষ্ঠ বিশ্বকাপেও অধরা রয়ে গেল হেক্সার স্বপ্ন। ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর ব্রাজিলজুড়ে নেমে এসেছে হতাশার ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক এক জরিপে উঠে এসেছে চমকে দেওয়া তথ্য—দেশটির ৪১ শতাংশ সমর্থক এখন বিশ্বাস করেন, ব্রাজিল আর কোনো দিনই বিশ্বকাপ জিততে পারবে না। তবে হতাশার এই আবহের মধ্যেও ভবিষ্যতের আশার প্রতীক হয়ে উঠছেন তরুণ ফরোয়ার্ড এন্দ্রিক।
অরবিট ডেটা সায়েন্স পরিচালিত জরিপে এক্স (সাবেক টুইটার), ইনস্টাগ্রাম ও টিকটকে ২০ এপ্রিল থেকে ৬ জুলাইয়ের মধ্যে প্রকাশিত ৭ হাজার ৮৫৫টি উন্মুক্ত পোস্ট বিশ্লেষণ করা হয়েছে। এর বেশির ভাগই করা হয়েছে নরওয়ের বিপক্ষে ২-১ গোলে হারের পর, যে ম্যাচে বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নেয় ব্রাজিল।
আরও পড়ুনঃ ফ্রান্সের জয়ে বড় সুখবর পেল ব্রাজিল
জরিপে দেখা গেছে, জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় নেতিবাচক মনোভাবই প্রাধান্য পেয়েছে। মোট ৫৪ শতাংশ পোস্টে হতাশা প্রকাশ করা হয়েছে। অন্যদিকে ৪৬ শতাংশ সমর্থক বিশ্বাস করেন, আগামী বিশ্বকাপ চক্রে ব্রাজিল ঘুরে দাঁড়াতে পারবে।
সবচেয়ে হতাশ সমর্থকদের মধ্যে ৪১ শতাংশ মনে করেন, ব্রাজিল আর কখনোই বিশ্বকাপ জিতবে না। এছাড়া আরও ১৩ শতাংশ বলেছেন, জীবদ্দশায় তারা হয়তো ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা দেখতে পারবেন না।
জরিপের বিশ্লেষণে আরও দেখা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রতিক্রিয়ার প্রধান কারণ ছিল শেষ ষোলো থেকেই ব্রাজিলের বিদায়। দলের পারফরম্যান্স নিয়ে করা নেতিবাচক পোস্টগুলোর ৬৩ শতাংশেই এই হতাশার বিষয়টি উঠে এসেছে।
বিশ্বকাপ থেকে বিদায়ের কয়েক দিন পর সমর্থকদের আলোচনার বিষয়ও বদলে যায়। হতাশার পরিবর্তে তারা দলের ব্যর্থতার কারণ খুঁজতে শুরু করেন। মোট ১২ শতাংশ পোস্টে প্রত্যাশার তুলনায় দুর্বল পারফরম্যান্সকে দায়ী করা হয়েছে। আর ৫ শতাংশ পোস্টে খেলোয়াড়দের মধ্যে সমন্বয়ের অভাবের কথা বলা হয়েছে।
নরওয়ের বিপক্ষে টাইব্রেকারে ভিনিসিয়ুস জুনিয়রকে পেনাল্টি শুটারদের তালিকায় না রাখার সিদ্ধান্তও ব্যাপক সমালোচনার জন্ম দেয়। জরিপে দেখা যায়, মোট ৫ শতাংশ পোস্টে এই বিষয়টি আলোচিত হয়েছে। অনেক সমর্থকের কাছে এটি ব্রাজিলের ব্যর্থতার অন্যতম প্রতীক হয়ে উঠেছে।
তবে হতাশার মধ্যেও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী সমর্থকের সংখ্যা একেবারে কম নয়। জরিপে দেখা গেছে, অনেকেই ইতোমধ্যে ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে নতুন স্বপ্ন দেখতে শুরু করেছেন। সেই স্বপ্নের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তরুণ ফরোয়ার্ড এন্দ্রিক। ব্রাজিল জাতীয় দলের পুনর্গঠন এবং আবারও বিশ্বকাপ জয়ের পথে ফেরার অন্যতম প্রতীক হিসেবে তাকে দেখছেন অনেক সমর্থক।
সংবাদসূত্রঃ সিএনএন ব্রাজিল