১০ জুলাই ২০২৬, ১২:০৪

বিশ্বকাপে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ ইংল্যান্ডের তারকা ফুটবলার

কুয়ানসাহ  © সংগৃহীত

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সময়ে বড় ধাক্কা খেল ইংল্যান্ড। দুই ম্যাচের নিষেধাজ্ঞার কারণে দলের ডিফেন্ডার জ্যারেল কুয়ানসাহকে আর ফাইনালের আগে মাঠে দেখা যাবে না। ফিফার এই সিদ্ধান্তকে ‘খুবই হতাশাজনক’ বলে মন্তব্য করেছেন ইংল্যান্ডের তারকা ফুটবলার বুকায়ো সাকা।

মেক্সিকোর বিপক্ষে ইংল্যান্ডের ৩-২ গোলের জয়ের ম্যাচে ভিএআরের সিদ্ধান্তে লাল কার্ড দেখেন কুয়ানসাহ। ম্যাচে যিশুস গ্যালার্দোর ওপর তার উচ্চমাত্রার ট্যাকলের পর মাঠের বাইরে যেতে হয় তাকে। পরে ফিফার শৃঙ্খলা কমিটি ঘটনাটি পর্যালোচনা করে জানায়, কুয়ানসাহ ফিফার কোড অব কন্ডাক্টের ১৪ নম্বর ধারা ভঙ্গ করেছেন। এরপর তার এক ম্যাচের নিষেধাজ্ঞার সঙ্গে আরও একটি ম্যাচ যোগ করা হয়।

ফলে বিশ্বকাপের পরবর্তী দুই ম্যাচে ইংল্যান্ডের হয়ে খেলতে পারবেন না ২২ বছর বয়সী এই ডিফেন্ডার। ইংল্যান্ড এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগও পাচ্ছে না।

তবে কুয়ানসাহর নিষেধাজ্ঞা নিয়ে ফিফার সিদ্ধান্তে অসন্তুষ্ট হতে পারেন ইংল্যান্ড কোচ থমাস টুখেল। কারণ, এর আগে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করেছিল ফিফা। এর ফলে তিনি বেলজিয়ামের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৪-১ গোলের হারের ম্যাচে মাঠে নামতে পেরেছিলেন।

বৃহস্পতিবার কানসাস সিটির সোয়োপ সকার ভিলেজে ইংল্যান্ডের অনুশীলনের পর কুয়ানসাহর নিষেধাজ্ঞা নিয়ে কথা বলেন সাকা। তিনি বলেন, ‘আমি মাত্রই বিষয়টি জানতে পেরেছি। এটা খুবই হতাশাজনক। তবে এখন এটাই বাস্তবতা।’

ইংল্যান্ডের এই ফরোয়ার্ড আরও বলেন, ‘আমাদের এটি মেনে নিতে হবে, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে এবং ম্যাচের জন্য প্রস্তুত থাকতে হবে।’

বালোগুনের ঘটনার সঙ্গে কুয়ানসাহর নিষেধাজ্ঞার তুলনা করা যায় কি না—এমন প্রশ্নের জবাবে সাকা বলেন, ‘আমি আসলে এ বিষয়ে কী বলব জানি না। এ নিয়ে আমার কোনো মন্তব্য নেই। এটি ফিফার সিদ্ধান্ত।’

তিনি আরও বলেন, ‘এই সিদ্ধান্ত হতাশাজনক, তবে আমরা নিজেদের দিকেই মনোযোগ দিচ্ছি। আমাদের মানিয়ে নিতে হবে, বিষয়টি সামলাতে হবে এবং পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুত একটি দল বেছে নিতে হবে।’

কুয়ানসাহর নিষেধাজ্ঞায় হতাশা প্রকাশ করেছেন তার সতীর্থ নিকো ও'রিলিও। তিনি বলেন, ‘এটা তার জন্য দুঃখজনক। দুর্ভাগ্যজনক ঘটনা। আমি তার জন্য হতাশ। সে এই সিদ্ধান্তে খুশি নয়। তবে এখন সিদ্ধান্ত হয়ে গেছে এবং তাকে এটি মেনে নিতে হবে।’

ফিফার সিদ্ধান্ত অনুযায়ী, ইংল্যান্ড বিশ্বকাপের ফাইনালে উঠতে পারলেই কেবল আবার মাঠে নামার সুযোগ পাবেন কুয়ানসাহ। এর আগে পর্যন্ত তাকে দলের বাইরে থাকতে হবে।