ক্লাব অনুমতি না দেওয়ায় স্পেনের বিপক্ষে খেলতে পারছেন না বেলজিয়ামের ডিফেন্ডার ডেবাস্ট
২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচে বেলজিয়ামের ডিফেন্ডার জেনো ডেবাস্টকে পাওয়া যাচ্ছে না। চোট থেকে সেরে উঠলেও তার ক্লাব স্পোর্টিং লিসবন মাঠে নামার অনুমতি দেয়নি।
শুক্রবার স্পেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে অন্তত বেঞ্চে হলেও ডেবাস্টকে রাখতে চেয়েছিল বেলজিয়াম। দলের মেডিকেল বিভাগ জানিয়েছিল, পেশির চোট থেকে তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। তবে ২২ বছর বয়সী এই ডিফেন্ডারের খেলার বিষয়ে সম্মতি দেয়নি তার ক্লাব স্পোর্টিং।
ডেবাস্টের ক্লাবের সঙ্গে ২০২৯ সালের জুন পর্যন্ত চুক্তি রয়েছে। তাই কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছে না পর্তুগালের ক্লাবটি।
বেলজিয়ামের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, স্পোর্টিং মনে করছে ডেবাস্ট এখনো খেলার জন্য পুরোপুরি প্রস্তুত নন। এ বিষয়ে বেলজিয়াম ফুটবল ফেডারেশন জানায়, ‘জেনো ডেবাস্ট কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না। তার ক্লাব স্পোর্টিং লিসবন জানিয়েছে, তারা তাকে চিকিৎসাগতভাবে খেলার উপযুক্ত মনে করছে না। বেলজিয়াম জাতীয় দলের মেডিকেল টিম এবং ফিফার বীমা সংস্থার মূল্যায়নের সঙ্গে এই সিদ্ধান্তের পার্থক্য রয়েছে। তারা খেলার অনুমতি দিয়েছিল।’
বিশ্বকাপে বেলজিয়ামের প্রথম চার ম্যাচে দলে ছিলেন না ডেবাস্ট। এরপর যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে তাকে বেঞ্চে রাখা হয়েছিল। তবে কোচ রুডি গার্সিয়া তাকে মাঠে নামাননি।
২০২২ সালে প্রথমবার বেলজিয়াম জাতীয় দলে ডাক পান ডেবাস্ট। এখন পর্যন্ত দেশের হয়ে ২৬টি ম্যাচ খেলেছেন তিনি এবং একটি গোল করেছেন। তার সর্বশেষ ম্যাচ ছিল গত ৪ মে পর্তুগিজ লিগে স্পোর্টিংয়ের হয়ে।
স্পেনের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে ডেবাস্ট ছাড়াও বেলজিয়াম আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছে না। চোটের কারণে দলের মিডফিল্ডার আমাদু ওনানা বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে যাওয়ায় তিনি আর খেলতে পারবেন না।