১০ জুলাই ২০২৬, ০৮:১৮

আর্জেন্টিনা ম্যাচ পরিচালনার দায়িত্বে পর্তুগালের সেই বিতর্কিত রেফারি

রেফারি জোয়াও পিনেইরো   © সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে আলোচনায় এসেছিলেন। এবার সেই পর্তুগিজ রেফারি জোয়াও পিনেইরোর হাতেই তুলে দেওয়া হয়েছে ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের দায়িত্ব। রবিবার বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটিতে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই।

ফিফা নিশ্চিত করেছে, ৩৮ বছর বয়সী পর্তুগিজ রেফারি জোয়াও পিনেইরোই ম্যাচটি পরিচালনা করবেন। আর্জেন্টিনা জাতীয় দলের ম্যাচে এটিই হবে তার প্রথম দায়িত্ব। তবে চলতি বিশ্বকাপে এরই মধ্যে তিনি সুইজারল্যান্ডের একটি ম্যাচ পরিচালনা করেছেন।

গ্রুপ পর্বে সুইজারল্যান্ড ও বসনিয়ার ম্যাচে দায়িত্ব পালন করেন পিনেইরো। সেই ম্যাচে সুইসরা ৪-১ গোলে জয় পায়। ম্যাচে তিনি তিনটি হলুদ কার্ড এবং একটি লাল কার্ড দেখান। বসনিয়ার ডিফেন্ডার তারিক মুহারেমোভিচ লাল কার্ড পান। এছাড়া শেষ ষোলোর কানাডা ও দক্ষিণ আফ্রিকার ম্যাচও পরিচালনা করেন তিনি। ওই ম্যাচে তিনি দুটি হলুদ কার্ড দেখিয়েছিলেন।

তবে পিনেইরোকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে সর্বশেষ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে। বায়ার্ন মিউনিখ ও প্যারিস সেন্ট জার্মেইনের সেমিফাইনালের দ্বিতীয় লেগে তিনি রেফারির দায়িত্বে ছিলেন। ম্যাচের প্রথমার্ধের ৩০ মিনিটে পিএসজি ১-০ গোলে এগিয়ে ছিল। সে সময় বায়ার্নের খেলোয়াড়রা জোয়াও নেভেসের হ্যান্ডবলের অভিযোগ তুলে পেনাল্টির জোর দাবি জানায়। কিন্তু পিনেইরো পেনাল্টি দেননি। এমনকি ভিএআর থেকেও তাকে ঘটনাটি পুনরায় দেখার জন্য ডাকা হয়নি। এই সিদ্ধান্তের পর ইউরোপজুড়ে ব্যাপক বিতর্কের জন্ম হয়।

২০১৫ সালে পর্তুগালের শীর্ষ লিগে রেফারিং দিয়ে পিনেইরোর পেশাদার ক্যারিয়ার শুরু হয়। এরপর ধীরে ধীরে ইউরোপীয় ফুটবলে নিজের অবস্থান শক্ত করেন তিনি। ২০২২-২৩ মৌসুমে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচ পরিচালনার সুযোগ পান। এরপর থেকে ইউরোপের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্ব পালন করেছেন।

আন্তর্জাতিক ফুটবলে তার যাত্রা শুরু হয় ২০১৬ সালে। গত বছরের আগস্টে পিএসজি ও টটেনহ্যামের মধ্যকার সুপার কাপের ফাইনালও পরিচালনা করেন তিনি। সেই ম্যাচে চারটি হলুদ কার্ড দেখালেও কোনো বিতর্কিত সিদ্ধান্তের জন্ম দেননি।

শনিবারের আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে পিনেইরোর সঙ্গে সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন তারই স্বদেশী ব্রুনো জেসুস ও লুসিয়ানো মাইয়া। আর চতুর্থ রেফারি হিসেবে থাকবেন কানাডার ড্রু ফিশার।