১০ জুলাই ২০২৬, ০৪:২৩

২০০২ ব্রাজিলের পর প্রথম, বিশ্বকাপে বিরল রেকর্ড ফ্রান্সের

ফ্রান্স-মরক্কো ম্যাচ   © সংগৃহীত

বিশ্বকাপের ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে ফ্রান্স। চলমান বিশ্বকাপে প্রথম দল হিসেবে ২০০২ সালের ব্রাজিলের পর আবারও এক আসরে দুই খেলোয়াড় ৫ বা তার বেশি গোল করার কীর্তি গড়েছে লে ব্লুজরা।

মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালের জয়ে বড় ভূমিকা রাখা কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলে এই রেকর্ডের অংশীদার হয়েছেন। এবারের বিশ্বকাপে এমবাপ্পের গোলসংখ্যা ৮, আর দেম্বেলের গোল ৫টি।

এর আগে, ২০০২ বিশ্বকাপে সর্বশেষ এমন নজির দেখিয়েছিল ব্রাজিল। সেবার পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে রোনালদো করেছিলেন ৮ গোল, আর রিভালদোর ছিল ৫ গোল।

দুই যুগ পর বিশ্বকাপে আবারও একই দলের দুই ফুটবলার ৫+ গোল করার কীর্তি গড়লেন। এমবাপ্পে ও দেম্বেলের দুর্দান্ত পারফরম্যান্সে ফ্রান্স শুধু সেমিফাইনালেই জায়গা করে নেয়নি, বরং শিরোপার অন্যতম দাবিদার হিসেবে আরও শক্ত অবস্থানে নিয়ে গেছে ফরাসিরা।