১০ জুলাই ২০২৬, ০১:১১

দুই ম্যাচ নিষিদ্ধ ইংল্যান্ডের কোয়ানসা

জ্যারেল কোয়ানসা  © সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোতে মেক্সিকোর বিপক্ষে লাল কার্ড দেখার কারণে দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন ইংল্যান্ডের ডিফেন্ডার জ্যারেল কোয়ানসা। বৃহস্পতিবার নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে ফিফা।

ফলে শনিবার মায়ামিতে নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল এবং ইংল্যান্ড জিতলে সম্ভাব্য সেমিফাইনাল—দুই ম্যাচেই খেলতে পারবেন না এই তরুণ ডিফেন্ডার। ইংল্যান্ড ফাইনালে উঠতে পারলেই কেবল আবার দলে ফেরার সুযোগ পাবেন তিনি।

মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পর্যালোচনার পর কোয়ানসাকে লাল কার্ড দেখানো হয়। রিপ্লেতে দেখা যায়, তিনি প্রতিপক্ষের খেলোয়াড়ের ওপর স্টাডস-আপ স্লাইডিং ট্যাকল করেছিলেন।

সেই ম্যাচে জুড বেলিংহামের এক গোল এবং হ্যারি কেইনের জোড়া গোলে ১০ জনের ইংল্যান্ড ৩-২ ব্যবধানে হারায় স্বাগতিক মেক্সিকোকে। রোমাঞ্চকর সেই জয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে থমাস টুখেলের দল।

এর আগে, যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা আপিলে প্রত্যাহার করেছিল ফিফা। সেই নজির সামনে রেখে কোয়ানসাহর শাস্তির বিরুদ্ধেও আপিল করার কথা বিবেচনা করছিল ইংল্যান্ড। তবে শেষ পর্যন্ত দুই ম্যাচের নিষেধাজ্ঞাই বহাল রাখা হয়েছে।

কোয়ানসার নিষেধাজ্ঞা ইংল্যান্ডের জন্য বড় ধাক্কা। কারণ, ইনজুরির কারণে দলের রক্ষণভাগ আগেই দুর্বল হয়ে পড়েছে। মিডফিল্ডার জর্ডান হেন্ডারসনও বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। মেক্সিকোর বিপক্ষে জয়ের পর উদযাপনের সময় বিজ্ঞাপন বোর্ডে হোঁচট খেয়ে বাঁ হাতের কবজিতে চোট পান তিনি। অস্ত্রোপচারের পর দলের সঙ্গে ক্যাম্পে ফিরলেও বাকি বিশ্বকাপ থেকে তাকে ছিটকে যেতে হয়েছে।

এদিকে ফ্রান্সও পেয়েছে দুঃসংবাদ। প্যারাগুয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে মাইকেল অলিসেকে দেখানো হলুদ কার্ডের বিরুদ্ধে করা আপিল খারিজ করেছে ফিফা। বৃহস্পতিবার মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে বিষয়টি নিশ্চিত করেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম।