মোবাইলে যেভাবে দেখবেন ফ্রান্স-মরক্কো ম্যাচ
আফ্রিকার একমাত্র প্রতিনিধি হিসেবে এবারের ফিফা বিশ্বকাপের লড়াইয়ে টিকে আছে মরক্কো। ২০২২ কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ে সেমিফাইনালে ওঠা আটলাস লায়ন্সরা এবারও দারুণ ছন্দে রয়েছে। তবে শেষ চারে ওঠার পথে তাদের সামনে অপেক্ষা করছে সবচেয়ে কঠিন পরীক্ষা।
কাতার বিশ্বকাপের সেমিফাইনালে যে ফ্রান্সের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল মরক্কোর, এবার কোয়ার্টার ফাইনালেই সেই একই প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে তারা। প্রতিশোধের পাশাপাশি সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে মরক্কো।
বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ সময় দিনগত রাত ২টায় যুক্তরাষ্ট্রের বোস্টন স্টেডিয়ামে মুখোমুখি হবে ফ্রান্স-মরক্কো। বহুল প্রতীক্ষিত এই ম্যাচটি বাংলাদেশে টেলিভিশন ও অনলাইন—উভয় মাধ্যমেই সরাসরি দেখা যাবে।
এদিকে বাংলাদেশের দর্শকদের জন্য ম্যাচটি দেখার একাধিক সুযোগ রয়েছে। রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বিটিভির পাশাপাশি টি-স্পোর্টস ও সময় টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে ম্যাচটি।
অনলাইনেও বিভিন্ন প্ল্যাটফর্মে খেলা উপভোগ করা যাবে। সাবস্ক্রিপশন নিয়ে মোবাইল বা স্মার্ট ডিভাইসে মাই রবি, মাই এয়ারটেল, বাংলালিংকের টফি এবং গ্রামীণফোনের বায়োস্কোপ অ্যাপের মাধ্যমে সরাসরি ম্যাচ দেখা যাবে। আইস্ক্রিনেও থাকছে লাইভ স্ট্রিমিংয়ের সুবিধা।
এ ছাড়া স্পোর্টসজিফাই ও স্পোর্টজেডএক্স অ্যাপ থেকেও বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি দেখা যাবে।