ফিফা সভাপতির বিরুদ্ধে নোয়াখালীর থানায় যুবকের অভিযোগ, ৫ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি
বিশ্বকাপে আর্জেন্টিনা–মিসর ম্যাচের রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করে ফিফার সভাপতি, ম্যাচ রেফারি ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক তরুণ। রেফারিংয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তিনি ফিফার কাছে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। তবে এ ধরনের অভিযোগ গ্রহণের আইনগত এখতিয়ার স্থানীয় থানার নেই বলে জানিয়েছে পুলিশ।
অভিযোগকারী মো. রাকিব (২২) নোয়াখালীর সদর উপজেলার মান্দারতলী গ্রামের বাসিন্দা। বুধবার রাতে তিনি লিখিত অভিযোগ নিয়ে সুধারাম মডেল থানায় যান।
লিখিত অভিযোগে রাকিব উল্লেখ করেন, মঙ্গলবার রাতে স্থানীয় করমুল্যা বাজারে বড় পর্দায় অনেকের সঙ্গে তিনি আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচ দেখছিলেন। তার অভিযোগ, ম্যাচে রেফারি ইচ্ছাকৃতভাবে একটি দলকে সুবিধা দিয়েছেন, যার কারণে তার প্রিয় দল মিসর পরাজিত হয়েছে।
অভিযোগে তিনি ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, ম্যাচ রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং আরও ১৫ থেকে ২০ জনকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করেন।
রাকিবের দাবি, ম্যাচে অন্যায্যভাবে পেনাল্টি দেওয়া হয়েছে, বৈধ গোল বাতিল করা হয়েছে এবং মিসরের খেলোয়াড় ও কোচের বিরুদ্ধে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব সিদ্ধান্তের মাধ্যমে ম্যাচের ফলাফল প্রভাবিত করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও দাবি করেন, এসব ঘটনার কারণে তিনি এবং মিসরের সমর্থকেরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই ফিফার কাছ থেকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ এবং অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনের আওতায় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ওই তরুণের অভিযোগ নিয়ে আসার বিষয়টি সত্য। তবে এ ধরনের বিষয়ে স্থানীয় থানার আইনগত এখতিয়ার নেই। অভিযোগকারীকে বিষয়টি বুঝিয়ে বলা হয়েছে এবং প্রয়োজন হলে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’
বৃহস্পতিবার সকালে অভিযোগকারী মো. রাকিব বলেন, ‘আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার ফুটবল ম্যাচটি দেখার পর থেকে আমি ও আমার অভিযোগের সাক্ষীরা চরমভাবে ভেঙে পড়েছি। এই অন্যায়ের বিচার হওয়া উচিত।’
তিনি আরও বলেন, ‘পুলিশ অভিযোগটি মামলা হিসেবে নেয়নি। তাই আমি একই অভিযোগ নিয়ে আদালতে যাব। প্রয়োজনে মানববন্ধনসহ অন্য কর্মসূচিও পালন করব।’