৭২ বছর পর কোয়ার্টার ফাইনালে উঠেই আর্জেন্টিনাকে হুমকি সুইজারল্যান্ড কোচের
৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে এবার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেই চ্যালেঞ্জ জানাচ্ছে সুইজারল্যান্ড। লিওনেল মেসিদের বিপক্ষে কঠিন লড়াই অপেক্ষা করলেও আত্মবিশ্বাস হারাচ্ছেন না সুইস কোচ মুরাত ইয়াকিন। তার বিশ্বাস, আর্জেন্টিনা শক্তিশালী দল হলেও অজেয় নয়, আর নিজেদের সামর্থ্যের ওপর আস্থা রেখে বড় কিছু করার সুযোগ রয়েছে তাদের সামনে।
কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপের শেষ আট নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত রাউন্ড অব সিক্সটিনের শেষ ম্যাচে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৪-৩ গোলে জয় পায় সুইসরা। এর মাধ্যমে ১৯৫৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় দলটি।
অন্যদিকে আটলান্টায় মিসরের বিপক্ষে নাটকীয় ৩-২ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেমিফাইনালের টিকিট নিশ্চিতের লড়াইয়ে আগামী ১২ জুলাই বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটিতে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড।
মেসিদের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী সুইজারল্যান্ড কোচ ইয়াকিন। আর্জেন্টিনার বিপক্ষে খেলাকে নিজেদের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন তিনি।
কলম্বিয়ার বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে ইয়াকিন বলেন, ‘এখন আমরা বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলতে যাচ্ছি। এটি আমাদের জন্য একটি অনন্য সুযোগ। তবে আমরা দেখেছি, আর্জেন্টিনা অজেয় নয়। আমি বিশ্বাস করি যে, আমরা অনেক কঠোর পরিশ্রম করেছি এবং এখন আমাদের সামনে এই সুযোগ এসেছে।’
আর্জেন্টিনার বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবেন জানিয়ে সুইস কোচ বলেন, ‘অবশ্যই আমরা তাদের হারানোর চেষ্টা করব। আমরা দক্ষিণ আমেরিকার দলগুলোর মানসিকতা সম্পর্কে জানি।’
মেসিদের বিপক্ষে ম্যাচটি কৌশলগতভাবে কঠিন হবে উল্লেখ করে ইয়াকিন বলেন, ‘এটা খুবই আকর্ষণীয় একটি ম্যাচ হবে। কৌশলগত দিক থেকে আমরা বর্তমান চ্যাম্পিয়নের সঙ্গে সমান তালে লড়াই করার চেষ্টা করব। এটি অবিশ্বাস্য এক অভিজ্ঞতা হবে।’
তবে আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক সুইজারল্যান্ডের অভিজ্ঞ ডিফেন্ডার রিকার্ডো রদ্রিগেজ। তার মতে, বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে সামান্য ভুলও বড় ক্ষতির কারণ হতে পারে।
রদ্রিগেজ বলেন, ‘আর্জেন্টিনা দুর্দান্ত একটি দল। তাদের দলে অনেক শক্তিশালী খেলোয়াড় রয়েছে, একজন ভালো কোচ আছেন এবং আমরা জানি তারা কীভাবে খেলে। তাদের দলে বিশ্বের সেরা ফুটবলার মেসিও আছে।’
কলম্বিয়ার বিপক্ষে জয় সুইজারল্যান্ডের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে বলে মনে করছেন ইয়াকিন। দলের খেলোয়াড়দের সামর্থ্যের ওপর আস্থা রেখে তিনি বলেন, ‘মাঠে আমাদের মানসম্পন্ন খেলোয়াড় আছে, আর আজকের ম্যাচেই সেটির প্রমাণ মিলেছে। আমাদের খেলোয়াড়দের পরিপক্বতা ও সামর্থ্য রয়েছে। আমি বিশ্বাস করি, এই দল দিয়ে আমরা বড় কিছু অর্জন করতে পারি।’
কাগজে-কলমে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও সুইজারল্যান্ড কোচ মনে করছেন, বিশ্বকাপের মতো মঞ্চে কোনো দলই অজেয় নয়। আর সেই বিশ্বাস নিয়েই মেসিদের বিপক্ষে ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে সুইসরা।