০৮ জুলাই ২০২৬, ০১:১৫

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, কবে খেলা?

আর্জেন্টিনা দল  © সংগৃহীত

শ্বাসরুদ্ধকর এক ম্যাচে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুই গোলে পিছিয়ে পড়েও লিওনেল মেসির নেতৃত্বে ঘুরে দাঁড়িয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা।

ম্যাচের শুরুতে মিশরের আক্রমণের সামনে চাপে পড়ে যায় আর্জেন্টিনা। এক পর্যায়ে ২-০ গোলে পিছিয়ে পড়ে তারা। তবে হাল ছাড়েননি মেসিরা। ক্রিস্তিয়ান রোমেরোর গোলে ব্যবধান কমানোর পর অধিনায়ক লিওনেল মেসি নিজেই গোল করে দলকে সমতায় ফেরান।

নাটকীয়তার শেষ হয়নি সেখানেও। যোগ করা সময়ে লাউতারো মার্তিনেজের বাড়ানো বল থেকে এনজো ফার্নান্দেজ দুর্দান্ত হেডে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। শেষ পর্যন্ত সেই লিড ধরে রেখে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বিশ্বচ্যাম্পিয়নরা।

এদিকে বিশ্বকাপের সূচি অনুযায়ী, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে সুইজারল্যান্ড ও কলম্বিয়ার মধ্যকার শেষ ষোলোর ম্যাচের বিজয়ী দল। আগামী ১২ জুলাই সকাল ৭টায় কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা।