বার্নার্দো সিলভার কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন রদ্রি
বিশ্বকাপের নকআউট ম্যাচে উত্তেজনার এক মুহূর্তেই তৈরি হয়েছিল বিতর্ক। তবে ম্যাচ শেষ হতেই সেই বিতর্কের ইতি টানলেন স্পেনের মিডফিল্ডার রদ্রি। পর্তুগালের বিপক্ষে জয়ের পর প্রকাশ্যে বার্নার্দো সিলভার কাছে ক্ষমা চেয়ে নিজের আচরণকে ভুল বলে স্বীকার করেছেন ম্যাচসেরা এই স্প্যানিশ ফুটবলার।
২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে স্পেন। ম্যাচ শেষে ডালাস স্টেডিয়ামের মিক্সড জোনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রদ্রি জানান, ম্যাচের শেষ দিকে বার্নার্দো সিলভার একটি সুযোগ নষ্ট হওয়ার পর যেভাবে তিনি উদ্যাপন করেছিলেন, সেটি ঠিক হয়নি।
ঘটনাটি ঘটে ম্যাচের শেষ দিকে। মিকেল মেরিনো স্পেনকে এগিয়ে দেওয়ার কিছুক্ষণ পরই সমতায় ফেরার দারুণ একটি সুযোগ পান বার্নার্দো সিলভা। কিন্তু হেড থেকে পাওয়া সহজ সুযোগটি কাজে লাগাতে ব্যর্থ হন পর্তুগিজ মিডফিল্ডার।
বার্নার্দোর সেই সুযোগ নষ্ট হওয়ার পর রদ্রি উচ্ছ্বাস প্রকাশ করেন। তার এই আচরণ ভালোভাবে নেননি বার্নার্দো সিলভা। তিনি রদ্রির কাছে গিয়ে আঙুল তুলে নিজের অসন্তোষ জানান। এ সময় মাঠে দুই সাবেক ম্যানচেস্টার সিটি সতীর্থের মধ্যে কিছুক্ষণ উত্তেজনাও দেখা যায়।
তবে ম্যাচ শেষে কোনো বিতর্ক না বাড়িয়ে নিজের ভুল স্বীকার করেন রদ্রি। তিনি বলেন, ‘আমি প্রথমেই যা করতে চাই, তা হলো ক্ষমা চাওয়া। কারণ আমার সতীর্থের সঙ্গে আমি ঠিক আচরণ করিনি। ওর সুযোগ নষ্ট হওয়ায় স্বাভাবিকভাবেই আমার উদ্যাপন বেরিয়ে এসেছিল। কিন্তু সেটা আমার করা উচিত হয়নি। আমি ওর কাছে ক্ষমা চেয়েছি এবং এখানেও আবার ক্ষমা চাইছি।’
পর্তুগালের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কার পান রদ্রি। তবে তার বিশ্বাস, এই স্বীকৃতি আসলে প্রাপ্য ছিল স্পেনকে জয়সূচক গোল এনে দেওয়া মিকেল মেরিনোর।
এ প্রসঙ্গে রদ্রি বলেন, ‘আপনি যদি সঠিক মানসিকতা নিয়ে মাঠে নামেন, তাহলে ম্যাচসেরা হওয়ার সুযোগ তৈরি হয়। আমার জায়গায় আমি এই পুরস্কারটা মিকেল মেরিনোকেই দিতাম। পুরো দলের পরিশ্রম ছিল স্মরণীয়।’