০৭ জুলাই ২০২৬, ১০:১৩

স্পেনের সঙ্গে ফাইনাল খেলতে চান স্কালোনি

স্বালোনি   © টিডিসি ফটো

বিশ্বকাপের শেষ ষোলোতে মিসরের মুখোমুখি হওয়ার আগে ফাইনাল নিয়ে নিজের ইচ্ছার কথা জানিয়ে দিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তার আশা, শেষ পর্যন্ত আর্জেন্টিনা ও স্পেনই ফাইনালে মুখোমুখি হবে। তবে একই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন, সেই স্বপ্ন বাস্তবায়নের আগে দুই দলকেই পাড়ি দিতে হবে অনেক কঠিন পথ।

মিসরের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে স্কালোনিকে সম্ভাব্য আর্জেন্টিনা-স্পেন ফাইনাল নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, ‘আমি স্পেনের বিপক্ষে ফাইনাল খেলতে রাজি, কিন্তু সেই পথটা অনেক লম্বা। আমাদের দুই দলেরই এখনো অনেক পথ পাড়ি দেওয়া বাকি।’

স্পেনকে নিয়ে কথা বলতে গিয়ে স্কালোনি বলেন, কোন দলকে এখন ফেভারিট বলা কঠিন। তার মতে, এবারের বিশ্বকাপে কোনো দলই ধারাবাহিকভাবে নিজেদের সেরা ফুটবল খেলতে পারেনি।

তিনি বলেন, ‘কোন দল ফেভারিট হবে, তা আমি নিশ্চিত করে বলতে পারব না। তবে এটি স্পষ্ট যে স্পেন পাঁচ ম্যাচে ধীরে ধীরে নিজেদের উন্নত করেছে। ভ্রমণ ক্লান্তি, গরম এবং মাঠের ঘাসের কারণে এই বিশ্বকাপটি বেশ জটিল। অনেক সময় মাঠে বল ঠিকমতো দৌড়ায় না। এই সব বিষয়ের কারণে কোনো নির্দিষ্ট দলকে ফেভারিট হিসেবে চেনা যাচ্ছে না। এটি কোনো স্বাভাবিক বিশ্বকাপ নয়। কোনো দলই এখনো বিশাল কোনো ব্যবধান তৈরি করতে পারেনি।’

বিশ্বকাপে বড় দলগুলোর লড়াই নিয়েও নিজের ব্যাখ্যা দেন আর্জেন্টিনা কোচ। তিনি বলেন, ‘এই বিশ্বকাপটি সবার জন্যই কঠিন হচ্ছে। সেদিন মনে হচ্ছিল ফ্রান্স একটি ভয়ঙ্কর প্রতিপক্ষ, তারা এখনো তা-ই; কিন্তু প্যারাগুয়ের বিপক্ষে তাদের বেশ ভুগতে হয়েছে। এবারের বিশ্বকাপের পরিস্থিতি আগের বিশ্বকাপগুলোর চেয়ে আলাদা। আমার মনে হয়, এ বছর যে খেলোয়াড়রা অনেক বেশি ম্যাচ খেলে এখানে এসেছেন, তাঁরা ক্লান্তি অনুভব করছেন। আর এই কারণেই আমরা সাধারণত যে উচ্চমানের খেলা দেখতে অভ্যস্ত, এটি ঠিক তেমন হচ্ছে না। ফেভারিট দলগুলো বিশ্বকাপের আগে যেভাবে খেলছিল, এখন সেই ছন্দ দেখাতে পারছে না। কোনো দলই এখন পর্যন্ত নিখুঁত ফুটবল খেলতে পারেনি।’

মিসরের বিপক্ষে শুরুর একাদশ ঠিক করে ফেলেছেন বলেও জানান স্কালোনি। তবে সেটি এখনো খেলোয়াড়দের জানাননি। তিনি বলেন, ‘আমি ইতিমধ্যেই একাদশ ঠিক করে ফেলেছি, তবে এখনো আমার খেলোয়াড়দের তা জানাইনি।’

ব্রাজিলের বিদায় নিয়েও কথা বলেন স্কালোনি। তিনি বলেন, ‘আমরা যখন অনুশীলন করছিলাম, তখন আমি ব্রাজিল ম্যাচের কিছু অংশ দেখেছি। ঝড়ের কারণে আমরা অনুশীলন বন্ধ রেখেছিলাম। নরওয়ে খুব ভালো একটি দল এবং ব্রাজিল টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। গত ম্যাচে আমাদের ক্ষেত্রেও এমনটি হতে পারত। আমরা সতর্ক আছি, কারণ মিশরও একটি ভালো প্রতিপক্ষ।’

কেপ ভার্দের বিপক্ষে কঠিন ম্যাচের প্রসঙ্গ টেনে স্কালোনি বলেন, ‘এই আর্জেন্টিনা দল বছরের পর বছর ধরে ফেভারিট হিসেবে খেলছে এবং সব সময়ই ভালো খেলেছে। কোনো ম্যাচে যখন পরিকল্পনা অনুযায়ী কাজ হয় না, তখন জেতার একমাত্র কোনো নির্দিষ্ট উপায় থাকে না। জেতার অনেক পথ আছে; যেমন—জেদ, তীব্রতা, সাহস আর আমাদের ভেতরে থাকা লড়াকু মানসিকতা। অবশ্যই আমরা আরও ভালো খেলতে পারি। তবে যখন ভালো খেলা সম্ভব হয় না, তখন আপনাকে এই মানসিকতার ওপরই ভরসা করতে হবে। আমরা ম্যাচটি অনেকবার বিশ্লেষণ করেছি এবং আর্জেন্টিনা সব সময়ই ম্যাচে আধিপত্য দেখিয়েছে। আমরা বল কেড়ে নেওয়ার চেষ্টা করেছি। মাঝেমধ্যে কৌশল বা পরিকল্পনা একপাশে সরিয়ে রাখতে হয়। কারণ যখন আপনি স্বাভাবিকভাবে পারেন না, তখন আপনাকে অন্য উপায়ে প্রতিপক্ষের দেয়াল ভাঙতে হবে।’

লিওনেল মেসির শারীরিক অবস্থা নিয়েও আশ্বস্ত করেছেন স্কালোনি। তিনি বলেন, ‘লিও ভালো আছে, সে খেলবে। গত ম্যাচে সে ১২০ মিনিট খেলেছে এবং আমাকে ক্লান্তির কোনো কথা বলেনি। মিশর খুব ভালো একটি দল। তাদের দলে মানসম্পন্ন খেলোয়াড় আছে এবং তাদের কোচও দীর্ঘদিন ধরে এই দলের সাথে কাজ করছেন। খেলার মাঠে তাদের একটি নির্দিষ্ট কৌশল আছে। তারা প্রতিটি প্রতিপক্ষকেই কঠিন পরীক্ষায় ফেলেছে এবং আগামীকালও আমাদের সাথে সেটাই করবে। তারা একটি কঠিন প্রতিপক্ষ।’

দলের উন্নতির জায়গা সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের মূল পরিকল্পনা হলো—ম্যাচ নিয়ন্ত্রণে রাখা ছাড়াও খেয়াল রাখতে হবে যেন প্রতিপক্ষ কাউন্টার-অ্যাটাকে (ট্রানজিশন) সুযোগ না পায়। কেপ ভার্দে দুই-তিনবার আমাদের বক্সে চলে এসেছিল এবং আমাদের ক্ষতি করেছিল। আমরা এমন একটি দল, যারা বল পায়ে রেখে রক্ষণ সামলাতে পছন্দ করি।’

মোহাম্মদ সালাহকে নিয়েও নিজের মূল্যায়ন দেন আর্জেন্টাইন কোচ। তিনি বলেন, ‘সে একজন দুর্দান্ত খেলোয়াড়, তাঁর মুখোমুখি হওয়াটা আনন্দের হবে। তবে সে ভালো খেলোয়াড় হলেও আমরা পুরো দলটিকে নিয়ে বিশ্লেষণ করছি। মিশর এমন একটি দল যারা আক্রমণ করে। আমরা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। অনেক দলই আমাদের বিপক্ষে খেলার কৌশল বদলে ফেলে এবং আমাদের সেই কৌশলের পাল্টা জবাব দিতে হবে।’

ম্যাচের আগে খেলোয়াড়দের সঙ্গে কৌশলগত আলোচনা হয়েছে বলেও জানান স্কালোনি। তিনি বলেন, ‘আমরা গতকাল মিশরকে নিয়ে কথা বলেছি। আমরা কী করতে চাই এবং কীভাবে এই প্রতিপক্ষের মুখোমুখি হব, তা নিয়ে আলোচনা করেছি। আমরা আমাদের মূল খেলার ধরন হারাতে পারি না।’

টুর্নামেন্টে বিশ্রামের গুরুত্ব তুলে ধরে স্কালোনি বলেন, ‘এই সমস্যাটি শুধু আমাদের একার নয়, আমি আর্জেন্টিনার পক্ষে কোনো অভিযোগ করছি না। আমি একজন কোচের জায়গা থেকে বলছি, দলগুলো যখন টুর্নামেন্টের শেষের দিকে পৌঁছায়, তখন তাদের আরও বেশি বিশ্রামের প্রয়োজন হয়। আমরা মিয়ামির চরম তাপমাত্রার মধ্যে খেলেছি এবং আগামীকাল দুপুর ১২টায় খেলব। আমার মনে হয়, বিশ্বকাপের শেষ ধাপে দলগুলোর সবচেয়ে বেশি বিশ্রামের প্রয়োজন হয়। আগামীকাল আমরা ছাদঢাকা (ইনডোর) স্টেডিয়ামে খেলব, তাই আমাদের কোনো অভিযোগ নেই।’

দুই দলই আগের ম্যাচে ১২০ মিনিট খেলেছে উল্লেখ করে তিনি বলেন, ‘উভয় দলই গত ম্যাচে ১২০ মিনিট খেলে এসেছে। আমাদের এমন কিছু খেলোয়াড় নামানোর সুযোগ আছে যারা গত ম্যাচে অতটা সময় খেলেনি, যাতে আমরা মাঠে কিছুটা সতেজ ফুটবল খেলতে পারি।’

কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিয়ে স্কালোনি বলেন, ‘আমরা একই ম্যাচের মধ্যে বিভিন্ন কৌশলে খেলতে পারি। আগামীকাল আমরা যে দলটি মাঠে নামাব, তা আমাদের নিয়মিত দলের মতোই হবে।’

সবশেষে লিয়ান্দ্রো পারেদেসের প্রত্যাবর্তন নিয়ে তিনি বলেন, ‘সে খেলার জন্য প্রস্তুত আছে। সে এমন একজন খেলোয়াড় যাকে আমরা খুব ভালো করেই চিনি, সে কেমন খেলোয়াড় তা নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই। সে মাঠে থাকলে দলের খেলার ধরন বদলে যায়। লিয়ান্দ্রোর পজিশনে না খেলেও অ্যালেক্সিস (ম্যাক অ্যালিস্টার) দারুণ চেষ্টা করেছে এবং দলও ভালো খেলেছে। তবে বল যখন লিয়ান্দ্রোর পায়ে থাকে, তখন সে অনেক বেশি খাড়া পাসে (ভার্টিকাল পাস) বল পাঠায় এবং দল স্বাচ্ছন্দ্য বোধ করে। আমাদের জন্য সে এখনো একজন অপরিহার্য খেলোয়াড়।’