০৭ জুলাই ২০২৬, ০৮:২৯

ইউরো জয় আমার কাছে বিশ্বকাপ জয়ের সমান: রোনালদো

রোনালদো   © টিডিসি ফটো

বিশ্বকাপের স্বপ্নভঙ্গের বেদনাও বদলে দিতে পারেনি ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বাস। স্পেনের কাছে হেরে ২০২৬ বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর আবেগঘন প্রতিক্রিয়ায় পর্তুগাল অধিনায়ক বলেছেন, ২০১৬ সালে জেতা ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপাকে তিনি বিশ্বকাপ জয়ের সমান মর্যাদা দেন। একই সঙ্গে নিশ্চিত করেছেন, এটিই ছিল তার শেষ বিশ্বকাপ।

শেষ ষোলোতে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় পর্তুগাল। শেষ বাঁশি বাজতেই নিজের আবেগ ধরে রাখতে পারেননি ৪১ বছর বয়সী রোনালদো। চোখে অশ্রু নিয়ে বারবার মুখ ঢেকে ফেলেন তিনি। এরপর কিছুক্ষণ একা দাঁড়িয়ে স্টেডিয়ামের চারপাশে তাকিয়ে থাকেন। যেন একজন ফুটবলার হিসেবে শেষবারের মতো বিশ্বকাপের আবহ উপভোগ করে নিচ্ছিলেন।

ড্রেসিংরুমে ফেরার সময়ও ছিল একই দৃশ্য। মাথা নিচু করে ধীরে ধীরে হেঁটে যান তিনি। হাতে ছিল অধিনায়কের আর্মব্যান্ড। পুরো পথজুড়ে একটি কথাও বলেননি। এর মধ্য দিয়েই বিশ্বকাপে শেষ হয়ে যায় তার বর্ণাঢ্য অধ্যায়।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের অনুভূতি প্রকাশ করে রোনালদো বলেন, ‘আমি শান্ত বিবেক নিয়েই মাঠ ছাড়ছি। এটাই ফুটবল, এটাই একজন ফুটবলারের জীবন। এটিই ছিল আমার শেষ বিশ্বকাপ। তবে ক্লাব ফুটবলে আমার ভবিষ্যৎ নিয়ে ভাবার জন্য এখনও সময় আছে। আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিতে চাই না।’

এরপর ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপার মূল্য নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন পর্তুগিজ মহাতারকা। সেই আসরের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে প্রথমবারের মতো ইউরোর শিরোপা জিতেছিল পর্তুগাল। সেই অর্জনের কথা স্মরণ করে রোনালদো বলেন, ‘পর্তুগালের হয়ে আমি তিনটি শিরোপা জিতেছি। ক্রিস্টিয়ানোর আগে পর্তুগাল কিছুই জেতেনি। জাতীয় দলের হয়ে আমার সবচেয়ে বড় অর্জন ২০১৬ সালের ইউরো। সত্যি বলতে, আমার কাছে সেটির মর্যাদা একটি বিশ্বকাপ জয়ের সমান।’

চলতি বিশ্বকাপে রোনালদো তিনটি গোল করেছেন। একই সঙ্গে ক্যারিয়ারে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচে গোল করার কৃতিত্বও গড়েছেন। শেষ বত্রিশে ক্রোয়েশিয়ার বিপক্ষে তিনি পর্তুগালের সমতাসূচক গোলটি করেছিলেন।

বিশ্বকাপের ছয়টি আসরে অংশ নিয়ে রোনালদো খেলেছেন মোট ২৮টি ম্যাচ। এই সময়ে তিনি করেছেন ১১টি গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুটি গোল। বিশ্বকাপে জাতীয় দলের হয়ে তার সেরা সাফল্য ছিল ২০০৬ সালে জার্মানিতে অনুষ্ঠিত আসরের সেমিফাইনালে ওঠা। তবে এবার শেষ ষোলো থেকেই বিদায় নিতে হওয়ায় বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল পর্তুগিজ কিংবদন্তির।