০৭ জুলাই ২০২৬, ০২:৩৪

আর্জেন্টিনা-মিশর ম্যাচের দায়িত্বে কে এই ফরাসি রেফারি

ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে  © সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনা ও মিশরের লড়াই পরিচালনা করবেন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। মঙ্গলবার আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এই তথ্য নিশ্চিত করেছে ফিফা।

৩৬ বছর বয়সী লেতেক্সিয়েরের সঙ্গে আর্জেন্টিনা সিনিয়র দলের আগে কোনো ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা নেই। তবে ২০২৩ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে উজবেকিস্তানের বিপক্ষে আর্জেন্টিনার ২–১ গোলের জয় পরিচালনা করেছিলেন তিনি। মিশর জাতীয় দলের কোনো ম্যাচেও এর আগে তিনি দায়িত্ব পালন করেননি।

চলমান বিশ্বকাপে এটি তার তৃতীয় ম্যাচ। এর আগে আইভরি কোস্টের ১–০ ব্যবধানে ইকুয়েডরের বিপক্ষে জয় এবং কেপ ভার্দে–সৌদি আরবের গোলশূন্য ড্র ম্যাচে দায়িত্বে ছিলেন তিনি।

ইউরোপীয় ফুটবলের উদীয়মান ও প্রতিশ্রুতিশীল রেফারি হিসেবে পরিচিত লেতেক্সিয়ে ২০১৬ সালে মাত্র ২৮ বছর বয়সে লিগ ওয়ানে অভিষেকের মাধ্যমে ইতিহাস গড়েন। ২০১৭ সালে ফিফার আন্তর্জাতিক ব্যাজ পাওয়ার পর দ্রুতই বড় ম্যাচ পরিচালনার সুযোগ পান।

এরপর তিনি ২০২১ সালের উয়েফা ইউরোপা লিগ ফাইনাল, ২০২৩ উয়েফা সুপার কাপ, ইউরো ২০২৪ এবং অলিম্পিক ফুটবলেও দায়িত্ব পালন করেছেন।

তবে আর্জেন্টিনার বর্তমান স্কোয়াডের সঙ্গে তার একটি বিতর্কিত স্মৃতিও রয়েছে। চলতি বছরের মার্চে লিগ ওয়ানে মোনাকোর বিপক্ষে ম্যাচে আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস তালিয়াফিকোকে লাল কার্ড দেখিয়েছিলেন তিনি। ফলে এবার বিশ্বকাপের নকআউট মঞ্চে তার সিদ্ধান্তগুলো বিশেষ নজর কাড়বে।